Fire Incident

জোড়া অগ্নিকাণ্ড দক্ষিণ ২৪ পরগনায়, মথুরাপুরে খড় বোঝাই লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পৃথক ঘটনায় সোনারপুরে পুড়ল দোকান

মথুরাপুরে খড় বোঝাই একটি লরিতে আচমকা আগুন ধরে দাউদাউ করে জ্বলতে থাকে ট্রাকটি, পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। একই রাতে সোনারপুরের ঘাসিয়াড়ায় একটি গ্যাস লাইটার রিফিলিংয়ের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

খর বোঝাই লরিতে আগুন
নিজস্ব সংবাদদাতা, মথুরাপুর
  • শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ০৬:০১

দক্ষিণ ২৪ পরগনা জেলায় জোড়া অগ্নিকাণ্ড। শুক্রবার গভীর রাতে মথুরাপুরে খড় বোঝাই একটি লরিতে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরী হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘোড়াদল এলাকা থেকে খড় বোঝাই একটি ট্রাক কলকাতার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মথুরাপুর থানা এলাকার কালীতলা এলাকায় পৌঁছতেই আচমকা ট্রাকে আগুন ধরে যায়। খর বোঝাই থাকায় মুহূর্তের মধ্যেই গোটা ট্রাকটি দাউদাউ করে জ্বলতে শুরু করে।

আগুন লাগতেই কোনওরকমে ট্রাক থেকে নেমে নিজেকে রক্ষা করেন চালক। তিনি আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ট্রাকটি খড় ভর্তি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে চালক ট্রাকটিকে রাস্তার পাশের একটি নয়ানজুলির কাছে থামিয়ে দেন। তড়িঘড়ি মথুরাপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। দমকলের একটি ইঞ্জিন দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, পৃথক একটি ঘটনায় শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায় একটি গ্যাস লাইটার রিফিলিংয়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারাই প্রথম দোকান থেকে আগুন ও ধোঁয়া বেরোতে দেখেন। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তৎপরতায় প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং খবর দেওয়া হয় সোনারপুর থানায় ও দমকল বিভাগে। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

এই অগ্নিকাণ্ডে দোকানটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। ঘনবসতিপূর্ণ এলাকায় দোকানটি থাকায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সৌভাগ্যবশত দুই ঘটনাতেই কোনও হতাহতের খবর নেই। পর পর ঘটে উভয় ঘটনারই তদন্ত করছে পুলিশ।


Share