Fire Incident

সোনারপুরে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, স্থানীয়দের তৎপরতায় এড়াল বড়সড় দুর্ঘটনা

সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায় শনিবার ভোররাতে একটি গ্যাস লাইটার রিফিলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়দের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পরে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভাতে তৎপর দমকলবাহিনী
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ০২:৪৪

সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায় শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর সাড়ে তিনটে নাগাদ একটি গ্যাস লাইটার রিফিলের দোকানে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারাই প্রথমে দোকান থেকে ধোঁয়া ও আগুন দেখতে পান। দোকানটির চারপাশে ঘন জনবসতি ও একাধিক ছোট দোকান ছিল। ফলে আগুন ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। তড়িঘড়ি সোনারপুর থানায় পুলিশ ও দমকল বিভাগকে খবর দেন।

খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। তবে তার আগেই স্থানীয়দের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। তবুও অগ্নিকাণ্ডের জেরে গ্যাস লাইটার রিফিলের দোকানটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় গোটা এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান, দোকানে থাকা দাহ্য পদার্থ থেকেই কোনওভাবে আগুনের সূত্রপাত হতে পারে। শীতের হাওয়ার দাপটে আগুন দ্রুত ভয়াবহ আকার নেয় বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় সৌভাগ্যবশত কোনও হতাহতের খবর নেই। তবে অগ্নিকাণ্ডে ঠিক কতটা আর্থিক ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, গত দু'দিন পর পর কলকাতার  বড়বাজার ও তপসিয়া তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


Share