Accident

টিউশন থেকে ফেরার পথে বিপত্তি, ডায়মন্ড হারবারে ঝড়ে নারকেল গাছ ভেঙে মৃত্যু কিশোরীর

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ঝড়ের মধ্যে নারকেল গাছ ভেঙে পড়ে মৃত্যু হল দশম শ্রেণির ছাত্রী অঙ্কিতা কয়ালের (১৫)।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ডায়মন্ড হারবার
  • শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১২:৩৯

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ঝড়ের মধ্যে মৃত্যু হল এক কিশোরীর। মৃতের নাম অঙ্কিতা কয়াল (১৫)। বৃহস্পতিবার রাতে পারুলিয়া কোস্টাল থানার আব্দালপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ঘটনা ঘিরে এলাকায় গভীর শোকের আবহ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারুলিয়া হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী অঙ্কিতা। সেদিন সন্ধ্যায় সে টিউশন সেরে বন্ধুদের সঙ্গে সাইকেলে বাড়ি ফিরছিল। সেই সময় আচমকাই ঝড়-বৃষ্টি শুরু হয়। বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করার পরামর্শ দেয়। কিন্তু তাড়াহুড়োয় অঙ্কিতা একাই বাড়ির উদ্দেশে রওনা দেয়।

এর কিছুক্ষণ পরেই বিপত্তি ঘটে। প্রবল ঝড়ের দাপটে রাস্তার ধারে একটি নারকেল গাছ ভেঙে সরাসরি তার উপর পড়ে। গুরুতর জখম অবস্থায় অঙ্কিতা মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেননি।

ঘটনার পর পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, “ও খুব শান্ত ও ভালো মেয়ে ছিল। এমন ঘটনায় আমরা স্তম্ভিত। পাড়ায় একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল, সেটাও বাতিল করা হয়েছে।” 

অকালেই প্রাণ হারানো এই কিশোরীর মৃত্যুতে পরিবারের পাশাপাশি শোকস্তব্ধ প্রতিবেশীরাও।


Share