Shootout

মধ‍্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে গুলি করে খুন! হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু, গুলিবিদ্ধ আরও এক

চন্দ্রনাথ রথ আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও কর্মসূত্রে মধ‍্যমগ্রামের থাকতেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

চন্দ্রনাথ রথ নিহত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১২:৫০

মধ‍্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে গুলি করে খুন। মৃতের নাম চন্দ্রনাথ রথ। তিনি গাড়ি করে ফিরছিলেন। গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা পর পর গুলি চালায়। চন্দ্রকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। গাড়িতে ছিলেন বুদ্ধদেব বেরা বলে আরও একজন। তিনিও গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বুধবার রাতে মধ্যমগ্রাম দোহারিয়ার দিক থেকে চন্দ্রনাথ আসছিলেন। গাড়ি করে বাড়িতে ফিরছিলেন। জানা যাচ্ছে, সেই তাঁর গাড়িটিকে অনুসরণ করা হয়। সেই সময় চারটি মোটরবাইকে চেপে মোট আটজন দুষ্কৃতী এসে তাঁর গাড়ি দাঁড় করায়। স্থানীয় সূত্রের খবর, মোটরবাইকে কোনও নম্বর প্লেট ছিল না। সবার মাথায় কালো হেলমেট ছিল। এর পরেই পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। পর পর পাঁচ রাউন্ডের বেশি গুলি চালানো হয়েছে। সূত্রের খবর, চন্দ্রের দু’টি গুলি বুকের বাঁ দিকে লেগেছে।

গুরুতর জখম অবস্থায় মধ‍্যমগ্রামের চৌমাথার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চন্দ্রকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। গাড়ির চালক বুদ্ধদেব বেরাও গুরুতর জখম হয়েছেন। তাঁর বুকের ডান দিকে দুটি গুলি লেগেছে। একটি গুলি পেটে লেগেছে। তাঁকেও গুলিবিদ্ধ অবস্থায় সেখানকারই একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুদ্ধদেবের শারীরিক অবস্থার অবনতি হলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে।

চন্দ্রনাথ রথ আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও কর্মসূত্রে মধ‍্যমগ্রামের থাকতেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদার, অর্জুন সিংহ-সহ বাকি বিজেপির বিধায়কেরাও উপস্থিত রয়েছেন।


Share