Murder Case

উলুবেড়িয়ায় ঘুমন্ত স্ত্রী-ছেলেকে কুপিয়ে খুন, ছোট ছেলেকে মারার চেষ্টা, শেষে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

বর্তমানে আহত বাবা ও ছেলে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। স্ত্রীকে সন্দেহকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া
  • শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ০১:৪২

ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ছোট ছেলেকেও খুনের চেষ্টা। সর্বশেষে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা। বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার উলুবেড়িয়া থানার বানীতলা এলাকায় ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রদীপ মুখোপাধ্যায় (৪০) দীর্ঘদিন ধরেই স্ত্রী অপর্ণা মুখোপাধ্যায় (৩৮)-কে সন্দেহ করতেন। এই সন্দেহকে কেন্দ্র করে সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত। এমনকী, ঘটনার দিন সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়েছিল বলে জানা গিয়েছে। এরপর বৃহস্পতিবার গভীর রাতে, বাড়ির টালি চাল খুলে প্রদীপ ঘরে ঢোকেন। সেই সময় স্ত্রী ও দুই ছেলে ঘুমিয়ে ছিলেন। হাতে ধারালো অস্ত্র নিয়ে তিনি প্রথমে স্ত্রীকে আক্রমণ করেন। এরপর বড় ছেলে প্রণব মুখোপাধ্যায়ের উপরেও চড়াও হন। বড় ছেলের নাম প্রণব মুখোপাধ্যায় (১৮)।দু’জনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ছোট ছেলে আবির মুখোপাধ্যায় পালানোর চেষ্টা করে। তাকে লক্ষ্য করেও হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার পর অভিযুক্ত নিজেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। আহত আবির ও প্রদীপকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে দু’জনেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে, মৃত মা ও ছেলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রদীপের মা কৃষ্ণা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পাশাপাশি প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলে ঘটনার পূর্ণ চিত্র জানার চেষ্টা চলছে।


Share