Shoot Out

হাওড়ায় এক স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি, লক্ষাধিক টাকার গয়না ও নগদ লুটের অভিযোগ

পুলিশ ইতিমধ্যেই আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে কয়েকটি কার্তুজও উদ্ধার করা হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০২:৪৯

হাওড়ার রানিহাটি পুরাতন বাজার এলাকায় চলল গুলি। এক স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার রাতে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতী স্বর্ণব্যবসায়ীর পথ আটকায়। তাঁর কাছ থেকে দুটি ব্যাগ ছিনিয়ে নেয়। পুরো ঘটনাটি এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

জানা গিয়েছে, শনিবার রাতে দোকান বন্ধ করে চন্দন কাঁড়ার বাড়ি ফিরছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। অভিযোগ, ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাতে তিনি বাধা দেন। তখনই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালায়। যদিও কোনও গুলি তাঁর গায়ে লাগেনি। এরপর তাঁকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। তাঁর সঙ্গে থাকা দুটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, ব্যাগ দুটিতে প্রায় সাত থেকে আট কিলোগ্রাম রুপোর গয়না। ৫০ থেকে ২০০ গ্রাম ওজনের সোনার গয়না। প্রায় ৬০ হাজার টাকা নগদ ছিল। দুষ্কৃতীরা ব্যাগ নিয়ে মোটরবাইকে চেপে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ ইতিমধ্যেই আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে কয়েকটি কার্তুজও উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।


Share