Molestation

নিউ আলিপুরে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ, স্থানীয়দের হাতে ধৃত এক, থানার সামনে উত্তেজনা

মঙ্গলবার দুপুরে নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজের নীচে তিন জনের বিরুদ্ধে এক তরুণীকে হেনস্থার অভিযোগ উঠল। তরুণীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ০৬:১১

কলকাতায় ফের শ্লীলতাহানির অভিযোগ। মঙ্গলবার দুপুরে নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজের নীচে তিন জনের বিরুদ্ধে এক তরুণীকে হেনস্থার অভিযোগ উঠল। তরুণীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁদের তৎপরতায় এক অভিযুক্ত ধরা পড়লেও বাকি দু’জন পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নিউ আলিপুর থানার পুলিশ। ধৃতকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

অভিযোগ, মঙ্গলবার দুপুরে দুর্গাপুর ব্রিজের নীচে ওই তরুণীকে শ্লীলতাহানি করেন তিন জন। তরুণীর চিৎকার শুনে অভিযুক্তেরা স্থানীয়েরা ঘটনাস্থলে পৌঁছোতেই পালানোর চেষ্টা করেন। দু’জন পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয় বাসিন্দারা এক জনকে ধরে ফেলেন। পরে নিউ আলিপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধৃতকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে খবর, ওই তরুণীও থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে তাঁকে ঘিরে থানার সামনেই উত্তেজনা ছড়ায়। তরুণী থানায় পৌঁছোনোর পর ৩০ থেকে ৪০ জন সেখানে চড়াও হন বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বাকি দুই অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

উল্লেখ্য, কলকাতায় মহিলাদের হেনস্থার অভিযোগ নতুন নয়। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কসবার অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়ে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ জানিয়েছিলেন এক মহিলা চিকিৎসক। তাঁর অভিযোগ ছিল, স্বামী ও বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গিয়ে ছ’জন যুবকের অশালীন মন্তব্য ও যৌন ইঙ্গিতপূর্ণ কথার মুখে পড়েন তিনি। প্রতিবাদ করায় তাঁর পরিবারের সদস্যদের উপরেও অভিযুক্তেরা চড়াও হন বলে অভিযোগ। অন্য দিকে, গত মাসে কলকাতার এক নামী হোটেলের লবিতে এক মহিলাকে আপত্তিকর ভাবে স্পর্শ ও হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এক প্রৌঢ়। ফের নিউ আলিপুরের ঘটনায় শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।


Share