Chandrababu Naidu Big Note Ban Proposal

বড় নোট বাতিলের দাবি চন্দ্রবাবুর, বাজারে শুধু ১০০ ও ২০০ টাকার নোট রাখার প্রস্তাব কেন অন্ধ্রের মুখ্যমন্ত্রীর?

বড় নোট বাতিল করে ১০০ ও ২০০ টাকার নোট চালুর প্রস্তাব চন্দ্রবাবুর, দুর্নীতি রুখতেই এমন পদক্ষেপের দাবি।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ০১:০৬

বড় অঙ্কের নগদ লেনদেন বন্ধ করে দুর্নীতির শিকড়ে আঘাত করতে চান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। সেই লক্ষ্যেই বাজার থেকে ৫০০ ও ২০০০ টাকার নোট তুলে নেওয়ার প্রস্তাব দিলেন তিনি। তাঁর মতে, দেশে ১০০ ও ২০০ টাকার নোট চালু থাকলেই দৈনন্দিন লেনদেনের জন্য যথেষ্ট। পাশাপাশি নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল কারেন্সি ও অনলাইন পেমেন্টের ব্যবহার বাড়ানোর পক্ষেও সওয়াল করেছেন তিনি।

সোমবার অমরাবতীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রস্তাব দেন তেলুগু দেশম পার্টির (TDP) প্রধান। চন্দ্রবাবু জানান, ডিজিটাল কারেন্সি নিয়ে একটি রিপোর্ট তৈরির সময়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের মতামতের কথা জানিয়েছিলেন। এ বারও একই দাবি জানাচ্ছেন তিনি। তাঁর কথায়, ৫০০ ও ২০০০ টাকার নোট বাতিল করে বাজারে শুধু ১০০ ও ২০০ টাকার নোট রাখা উচিত। ভবিষ্যতেও এই দাবি জানিয়ে যাবেন বলে স্পষ্ট করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী।

কেন বড় নোট বাতিলের পক্ষে চন্দ্রবাবু?

চন্দ্রবাবুর যুক্তি, বড় অঙ্কের নগদ লেনদেন দুর্নীতি এবং বেআইনি আর্থিক কারবারের সুযোগ বাড়িয়ে দেয়। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনা গেলে এই প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। তাঁর মতে, নির্বাচনে বিপুল টাকা খরচ করে জেতার প্রবণতাও রাজনৈতিক দুর্নীতির অন্যতম কারণ। ক্ষমতায় আসার পর সেই বিপুল নির্বাচনী খরচ বিভিন্ন উপায়ে তুলে আনার চেষ্টা করেন জনপ্রতিনিধিদের একাংশ। ফলে জনসেবার পরিবর্তে অর্থ উপার্জনই তাঁদের অগ্রাধিকার হয়ে ওঠে। নির্বাচনে টাকার প্রভাব কমলে রাজনীতিতে জনসেবার মানসিকতা বাড়বে বলেও মনে করেন তিনি।

দেশে বর্তমানে কত টাকার নোট চালু?

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিলের ঘোষণা করেছিলেন। পরে বাজারে আসে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট।

RBI-এর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ২০০০ টাকার নোট রয়েছে। যদিও ২ ও ৫ টাকার নোট ছাপানো বন্ধ হয়েছে, আগে ছাপানো নোটগুলি এখনও বৈধ। ২০২৩ সালে ২০০০ টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলেও সেটিও এখনও বৈধ মুদ্রা।

RBI-এর ২৩ অক্টোবর ২০২৬-এর পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রচলিত ব্যাঙ্কনোটের মোট মূল্য প্রায় ৪৩.১৫ লক্ষ কোটি টাকা। এর মধ্যে ৫০০ টাকার নোটের মূল্য প্রায় ৩৭.০৩ লক্ষ কোটি টাকা, যা মোট মূল্যের প্রায় ৮৬ শতাংশ। অন্য দিকে, ২০০০ টাকার নোটের মোট মূল্য কমে দাঁড়িয়েছে প্রায় ৫,১৯২ কোটি টাকায়।


Share