AQI Index

দীপাবলির পরেও ভয়াবহ দিল্লির দূষণ, জাহাঙ্গীরপুরীতে PM ২.৫এর মাত্রা প্রায় ৫ হাজার

দূষণের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে, উত্তর-পশ্চিম দিল্লির জাহাঙ্গীরপুরীতে নির্দিষ্ট সময়ে প্রতি ঘনমিটার বাতাসে PM২.৫-এর ঘনত্ব রেকর্ড করা হয়েছে ৪,৯৮৫ মাইক্রোগ্রাম।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ১০:৫৯

দীপাবলি শেষ হলেও দূষণের হাত থেকে রেহাই নেই দিল্লিবাসীর। উৎসবের পরেও রাজধানীর বাতাসের গুণমান অত্যন্ত উদ্বেগজনক। দূষণের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে, উত্তর-পশ্চিম দিল্লির জাহাঙ্গীরপুরীতে নির্দিষ্ট সময়ে প্রতি ঘনমিটার বাতাসে PM ২.৫-এর ঘনত্ব রেকর্ড করা হয়েছে ৪ হাজার ৯৮৫ মাইক্রোগ্রাম। স্বাভাবিক মাত্রার তুলনায় যা কয়েকশো গুণ বেশি। গত পাঁচ বছরের দূষণের রেকর্ডও ভেঙে গিয়েছে বলে দাবি করা হচ্ছে।

সোমবার সকালেও দিল্লির দূষণ পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। ওই সময় শহরের দূষণের মাত্রা ছিল ৩৮৭। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির পরিমাপ পদ্ধতি অনুযায়ী, রাজধানীর বায়ুর গুণমান সূচক বা AQI পৌঁছে গিয়েছিল ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০-র মধ্যে। উল্লেখ্য, ভারতের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড AQI-এর সর্বোচ্চ সীমা ৫০০ নির্ধারণ করেছে। ফলে এই সীমা অতিক্রম করার পর দূষণের প্রকৃত ভয়াবহতা দেশের প্রচলিত সূচকে আর স্পষ্টভাবে বোঝা সম্ভব হয় না।

অন্য দিকে, দীপাবলির রাতে দূষণ যখন চরমে পৌঁছেছিল, তখন প্রয়োজনীয় তথ্য সংগ্রহেও ব্যর্থ হয়েছে দিল্লির একাধিক বায়ুদূষণ পরিমাপক কেন্দ্র। রাজধানীর ৬০টি মনিটরিং সেন্টারের মধ্যে ৪৫টি কেন্দ্র প্রতি ঘণ্টার দূষণ সংক্রান্ত তথ্য দিতে পারেনি। পরবর্তী সময়ে মাত্র ২৪টি কেন্দ্র থেকে রিয়েল-টাইম ডেটা পাওয়া যায়। পাশাপাশি, ১৩টি মনিটরিং সেন্টার সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয়। গত কয়েক মাস ধরেই আরও একটি কেন্দ্র বন্ধ রয়েছে।

এই পরিস্থিতিতে দীপাবলির রাতে দিল্লির বাতাসে দূষণের প্রকৃত মাত্রা কতটা ভয়াবহ হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে দূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে, অন্য দিকে নজরদারি ব্যবস্থার একাংশ অকেজো থাকায় পরিস্থিতির সঠিক চিত্র পাওয়াও কঠিন হয়ে পড়েছে।

এ দিকে দিল্লির দূষণকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। পঞ্জাবে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ঘটনা নিয়ে আম আদমি পার্টি (আপ) ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র তরজা। বিজেপির অভিযোগ, আপ শাসিত পঞ্জাবে চলতি বছরে খড় পোড়ানোর ঘটনা সাত গুণ বেড়েছে। যদিও এই অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক ক্রমশ জোরালো হচ্ছে।


Share