Sandip Ghosh

আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় ইডির দফতরে হাজির সন্দীপ ঘোষ, প্রথম সমনে চেয়েছিলেন ১৫ দিন সময়

সেই সমনে সাড়া দিয়ে মঙ্গলবার দুপুরে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হলেন তিনি। এর আগে গত ৪ নভেম্বর তাঁকে প্রথম বার তলব করা হয়েছিল।

আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় ইডির দফতরে হাজির সন্দীপ ঘোষ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ০৭:২৯

আরজি কর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই সমনে সাড়া দিয়ে মঙ্গলবার দুপুরে সিজিও কমপ্লেক্সে তিনি ইডির দফতরে হাজির হলেন। এর আগে গত ৪ নভেম্বর তাঁকে প্রথম বার তলব করা হয়েছিল। কিন্তু সে দিন হাজিরা না দিয়ে তদন্তকারী সংস্থার কাছে চিঠি পাঠিয়ে সন্দীপ ১৫ দিন সময় চেয়েছিলেন। প্রয়োজনে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিনি জিজ্ঞাসাবাদের আর্জিও জানিয়েছিলেন। এর পরেই ইডি দ্বিতীয় বার তাঁকে নোটিস পাঠায়।

আরজি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার পরেই হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই সন্দীপকে গ্রেফতার করেছিল। পরে ইডিও এই মামলার তদন্তভার নেয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, হাসপাতালের অ্যাকাউন্ট থেকে ঠিকাদারদের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা পাঠিয়ে পরিকল্পিত ভাবে তা আত্মসাৎ করা হয়েছে। ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে তাঁদের ঘনিষ্ঠ সহযোগীদের নামে চেক লেখা হত। সেই চেকের মাধ্যমে টাকা তুলে নেওয়া অথবা অন্য সহযোগী সংস্থার অ্যাকাউন্টে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ইডির দাবি, এ ভাবেই আর্থিক দুর্নীতির প্রমাণ আড়াল করার চেষ্টা হয়েছিল। এই পুরো প্রক্রিয়ায় সন্দীপের যোগ রয়েছে বলে অভিযোগ তদন্তকারীদের।

ইডি সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১১টায় হাজিরা দেওয়ার কথা থাকলেও সন্দীপের আইনজীবী তদন্তকারীদের কাছে ফের সময় চেয়েছিলেন। তবে ইডি আর সময় দিতে রাজি হয়নি। এ দিনই হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তাঁকে। সেই মতো দুপুর ১টা নাগাদ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সিজিও কমপ্লেক্সে পৌঁছোন। যদিও সেখানে তিনি উপস্থিত সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি।

সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর সন্দীপ প্রায় দু’বছর জেলবন্দি ছিলেন। কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ ছিল, সন্দীপের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে, যা সরাসরি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত। অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কাও প্রকাশ করেছিল আদালত।

এর পর হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ১৮ অগস্ট সন্দীপ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। দীর্ঘ বন্দিদশা এবং বিচারপ্রক্রিয়ার ধীর গতির বিষয়টি বিবেচনা করে বিচারপতি এমএম সুন্দ্রেশ ও বিচারপতি প্রশান্ত বি বরলের বেঞ্চ গত ১৬ অক্টোবর তাঁকে জামিন দেয়। জেলবন্দি থাকাকালীন ইডি এই মামলায় তাঁকে ‘শ্যোন অ্যারেস্ট’ না করায় মুক্তির ক্ষেত্রে বাধা ছিল না। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতেই এই মামলায় চার্জশিট জমা দিয়েছিল ইডি। সেই চার্জশিটেও সন্দীপ ঘোষের নাম রয়েছে।


Share