Murder Case

গড়িয়ার ফর্তাবাদে লিভ-ইন পার্টনারকে খুনের অভিযোগ, ধৃত তরুণী ও তাঁর মাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের

মঙ্গলবার সকালে অভিযুক্ত সঞ্চালিকা বসু ও তাঁর মা মৌমিতা বসুকে ফর্তাবাদের সেই ভাড়া ফ্ল্যাটে নিয়ে যান তদন্তকারীরা। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছোন ফরেন্সিক দলের সদস্যরাও।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ১১:৩৮

গড়িয়ার ফর্তাবাদে লিভ-ইন পার্টনারকে খুনের অভিযোগে ধৃত তরুণী ও তাঁর মাকে নিয়ে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করল। মঙ্গলবার সকালে তদন্তকারীরা অভিযুক্ত সঞ্চালিকা বসু ও তাঁর মা মৌমিতা বসুকে ফর্তাবাদের সেই ভাড়া ফ্ল্যাটে নিয়ে যান। পাশাপাশি ফরেন্সিক দলের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছোন। ফ্ল্যাটের বিভিন্ন জায়গা থেকে তাঁরা নমুনা সংগ্রহ করেন। খুনের রাতে ঠিক কী ঘটেছিল, তা জানতেই এই পুনর্নির্মাণের উদ্যোগ।

উল্লেখ্য, ফর্তাবাদের একটি ভাড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২৫ বছর বয়সি সার্থক সরকারের দেহ। তাঁর বাড়ি বারাসতে। পুলিশ সূত্রে খবর, সঞ্চালিকার সঙ্গে সার্থক লিভ-ইন সম্পর্কে ছিলেন। অভিযোগ, শনিবার রাতে দু’জনের মধ্যে বচসা চলাকালীন তরুণী ধারালো অস্ত্র দিয়ে সার্থকের কাঁধে আঘাত করেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় পুলিশ সঞ্চালিকা ও তাঁর মা মৌমিতাকে গ্রেফতার করেছে। খুনের প্রকৃত কারণ কী, ঘটনার সময় তরুণীর মায়ের ভূমিকা কতটা ছিল, তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন। ঘটনার পুনর্নির্মাণের পাশাপাশি ফরেন্সিক নমুনা ও পরীক্ষার রিপোর্টের উপরও তদন্তকারীরা বিশেষ গুরুত্ব দিচ্ছেন।


Share