Molestation

সন্দেশখালিতে আদিবাসী মহিলার শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ কাদের মোল্লা

এলাকার মহিলাদের দাবি, কাদেরের বিরুদ্ধে এর আগেও একাধিকবার গ্রামের মহিলা ও কমবয়সি মেয়েদের সঙ্গে শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। কিন্তু শেখ শাহজাহানের প্রভাবের কারণে অতীতে কেউ থানায় অভিযোগ জানানোর সাহস পাননি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, সন্দেশখালি
  • শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ ০৯:৪০

সন্দেশখালিতে ফের নারী নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। এক আদিবাসী মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত কাদের মোল্লাকে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চর্চায় উঠে এসেছে বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের নাম। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন এলাকার মহিলারা।

ঘটনাটি উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ন্যাজাট থানা এলাকার। অভিযোগ, ওই মহিলা ছেলেকে গৃহশিক্ষকের কাছে পড়াতে নিয়ে গিয়েছিলেন। টিউশন শেষে ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার সময় কাদের মোল্লা তাঁদের পথ আটকান। স্থানীয় সূত্রে তিনি একসময় শেখ শাহজাহানের ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ, পথ আটকে তিনি মহিলার সঙ্গে অভব্য আচরণ ও শ্লীলতাহানি করেন। ঘটনাটি তাঁর ছেলের সামনেই ঘটে। এই অভিযোগে ওই মহিলা ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর শুক্রবার অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে এলাকার মহিলারা সরব হয়েছেন। তাঁদের দাবি, কাদেরের বিরুদ্ধে এর আগেও একাধিকবার গ্রামের মহিলা ও কমবয়সি মেয়েদের সঙ্গে শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। কিন্তু শেখ শাহজাহানের প্রভাবের কারণে অতীতে কেউ থানায় অভিযোগ জানানোর সাহস পাননি।

নির্যাতিতার এক আত্মীয়ার অভিযোগ, শেখ শাহজাহান এলাকায় ক্ষমতাশালী থাকাকালীন কাদের মোল্লা একাধিকবার মহিলাদের সঙ্গে এমন আচরণ করেছেন। শাহজাহান গ্রেফতার হওয়ার পর তিনি কিছুদিন চুপচাপ ছিলেন। তবে সম্প্রতি ফের তিনি সক্রিয় হয়ে উঠেছেন। ওই আত্মীয়ার বক্তব্য, আগে ভয়ে কেউ মুখ খুলতে পারতেন না।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি মাসে ন্যাজাট থানা এলাকায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তাঁর অনুগামীদের হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতি-সহ একাধিক মামলায় পরে গ্রেফতার হন শাহজাহান। সেই সময় সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৎকালীন সভাপতি এবং জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ পদে থাকা শাহজাহানকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। পাশাপাশি, শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তুলে সরব হয়েছিলেন সন্দেশখালির বহু মহিলা। সেই ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতেও ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল।

এবার কাদের মোল্লার গ্রেফতারির পরও অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে স্থানীয় মহিলারা সরব হয়েছেন। তাঁদের বক্তব্য, এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে শেখ শাহজাহানের অন্য ঘনিষ্ঠরাও বুঝতে পারেন যে সন্দেশখালিতে আর কোনও ধরনের অত্যাচার বরদাস্ত করা হবে না। শুক্রবার ধৃত কাদের মোল্লাকে নিজেদের হেফাজতে চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে ন্যাজাট থানার পুলিশ।


Share