Fire

প্রয়াত কংগ্রেস নেতা রমেন পাণ্ডের বাড়িতে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে জখম দমকল কর্মী, হতাহতের খবর মেলেনি

লেনিন সরণির বাড়িটিতে পাঁচটি ফ্ল‍্যাট আছে। প্রতিটি তলায় দুটি করে ফ্ল্যাট রয়ে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থল ব‍্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে। এর জেরে ধর্মতলা থেকে শিয়ালদহগামী লেনিন সরণির রাস্তায় যানজট তৈরি হয়।

প্রয়াত কংগ্রেস নেতার বাড়িতে আগুন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ ০৯:০৫

প্রয়াত কংগ্রেস নেতা রমেন পান্ডের বাড়িতে আগুন। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই গোটা বাড়ি। হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক দমকল আধিকারিক জখম হয়েছেন। অগ্নিকাণ্ডের জেরে লেনিন সরণিতে যানজট সৃষ্টি হয়েছে।

দমকল সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিট নাগাদ লেনিন সরণির ওপরে একটি বাড়ির দো’তলায় আগুন লাগার খবর আসে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। গোটা ঘরটি আগুনের গ্রাসে চলে গিয়েছে।

লেনিন সরণির যে বাড়িটিতে আগুন লেগেছে তা পুরোনো। বাড়িটি প্রয়াত কংগ্রেস নেতা রমেন পান্ডের বলে জানা গিয়েছে। যে সময় আগুন লাগে সেই সময় বাড়িতে একজন মহিলা ছিলেন। তাঁকে নিরাপদে বের করা সম্ভব হয়েছে। কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে এক দমকল আধিকারিক জানিয়েছেন।

ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে আগুন নিয়ন্ত্রণে আনার সময় পুরোনো বাড়ির ছাদের চাঙড় ভেঙে এক দমকল আধিকারিক জখম হয়েছেন। তবে তাঁর আঘাত গুরুতর নয়। অর্ণব ঘোষ নামে ওই দমকল আধিকারিক বলেন, “কাজ করার সময় একটি চাঙড় ভেঙে পড়ে। হাতে এসে লেগেছে। আমি সুস্থ আছি।”

লেনিন সরণির বাড়িটিতে পাঁচটি ফ্ল‍্যাট আছে। প্রতিটি তলায় দুটি করে ফ্ল্যাট রয়ে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থল ব‍্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে। এর জেরে ধর্মতলা থেকে শিয়ালদহগামী লেনিন সরণির রাস্তায় যানজট তৈরি হয়।


Share