TMC Leader Arrested

তোলাবাজি ও কাটমানি আদায়ের অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক, ধৃত ছেলেও

গ্রেফতারের আগের দিনই শীতল ঘটকের বাড়ির সামনে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভে সামিল হন।

তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক ও তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১০:০০

তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি, কাঠমানির অভিযোগ এখন নতুন কিছু নয়। প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ বার হুগলির রিষড়ায় তোলাবাজি, কাটমানি আদায় এবং সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগ উঠল। ঘটনায় গ্রেফতার রিষড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক ও তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ জুন সঞ্জিত বর্মন নামে এক ব্যক্তি রিষড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি আদায় করা হত। তোলাবাজিরও অভিযোগ উঠেছে। এ ছাড়াও, মারধর, ভাঙচুর এবং ভয় দেখানোর মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে কাউন্সিলর শীতল ঘটক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতে রিষড়া থানায় নির্দিষ্ট মামলা রুজু করা হয়। পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে প্রাথমিক ভাবে অভিযোগের সত্যতা মেলে। তার পরেই শীতল ঘটক এবং তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়। এই মামলার আরও দুই অভিযুক্তের নাম উঠে এসেছে। তাঁরা বর্তমানে রিষড়া থানার অন্য একটি মামলায় বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। তাঁদেরও আইনি প্রক্রিয়া মেনে এই মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশি হেফাজতে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছেন।

ধৃত কাউন্সিলর ও তাঁর ছেলেকে বৃহস্পতিবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। তাঁকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন।

উল্লেখ্য, এই গ্রেফতারের আগের দিনই শীতল ঘটকের বাড়ির সামনে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরেই এলাকায় কাটমানি ও তোলাবাজির মতো ঘটনা চলছিল। বিক্ষোভে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে। কাউন্সিলরের গ্রেফতারির ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে।


Share