Arjun Singh

ব্যারাকপুর পেরিয়ে এ বার কল্যাণী এইমস! মেট্রো সম্প্রসারণের বড় পরিকল্পনা, উপকৃত হবেন একাধিক জেলার মানুষ

এর মধ্যেই রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং আরও বড় পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন। তাঁর দাবি, ভবিষ্যতে ব্যারাকপুর থেকে মেট্রো পরিষেবা আরও সম্প্রসারিত করে কল্যাণী এইমস পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে।

পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ আগস্ট ২০২৬ ০১:০৬

রাজ্যে পালাবদলের পর কলকাতা ও আশপাশের এলাকায় মেট্রো প্রকল্পের কাজ নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। দীর্ঘদিন থমকে থাকা চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ ফের শুরু হয়েছে বলে খবর। একই সঙ্গে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ নিয়েও রাজ্য সরকার আশার কথা জানিয়েছে। এর মধ্যেই রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহ আরও বড় পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন। তাঁর দাবি, ভবিষ্যতে ব্যারাকপুর থেকে মেট্রো পরিষেবা আরও সম্প্রসারিত করে কল্যাণী এইমস পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে।

অর্জুন সিং জানিয়েছেন, মেট্রো সম্প্রসারণের পরিকল্পনা শুধু বরাহনগর থেকে ব্যারাকপুরের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে না রাজ্য। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে মেট্রো রেলকে কল্যাণীর এইমস পর্যন্ত নিয়ে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর দাবি, এই রুট চালু হলে উত্তর ২৪ পরগনার পাশাপাশি হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলার মানুষ উপকৃত হবেন।

পরিবহণমন্ত্রীর বক্তব্য, ব্যারাকপুর থেকে কল্যাণী এইমস পর্যন্ত মেট্রো চালানোর দাবি দীর্ঘদিনের। ভবিষ্যতে সেই দাবি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই তিনি আশাবাদী। কল্যাণী রোডের উপর দিয়ে মেট্রো পরিষেবা সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও অর্জুন সিংহ জানিয়েছেন। তাঁর দাবি, এ বিষয়ে একটি প্রস্তাব আগেই দেওয়া হয়েছে।

অর্জুন সিংহ বলেন, “অনেকেরই একটা দাবি রয়েছে। ব্যারাকপুর থেকে কল্যাণী এইমস হাসপাতাল অবধি মেট্রো যাতে চলে। আমার আশা ভবিষ্যতে হবে।” তাঁর আরও দাবি, কল্যাণী রোডের উপর দিয়ে মেট্রো নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় জায়গাও রয়েছে।

এই পরিকল্পনার কথা সামনে আসতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। তাঁদের মতে, কল্যাণী এইমস পর্যন্ত মেট্রো পরিষেবা পৌঁছোলে চিকিৎসার জন্য যাতায়াত অনেকটাই সহজ হবে। বর্তমানে সড়কপথে হাসপাতালে পৌঁছোতে যে সময় লাগে, মেট্রো চালু হলে তার তুলনায় কম সময়ে গন্তব্যে পৌঁছনো সম্ভব হতে পারে। বিশেষ করে দূরবর্তী জেলা থেকে চিকিৎসা করাতে আসা রোগী এবং তাঁদের পরিজনদের জন্য এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ নিয়েও রাজ্য সরকারের তরফে ইতিবাচক বার্তা মিলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, খুব শীঘ্রই ব্যারাকপুরে মেট্রো পরিষেবা চালু হবে। এই প্রকল্প ঘিরে কলকাতা পুরনিগমের ছাড়পত্র নিয়েও দীর্ঘদিন জটিলতা ছিল। তবে সম্প্রতি পিঙ্ক লাইন মেট্রো প্রকল্পের জন্য কলকাতা পুরনিগমের তরফে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দেওয়ার খবর সামনে এসেছে।

পুরনিগমের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। ফলে ব্যারাকপুর মেট্রো প্রকল্পের কাজ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন গতি এসেছে বলেই মনে করা হচ্ছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং সংলগ্ন এলাকার সঙ্গে কলকাতা ও কল্যাণীর যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।


Share