Weather Update

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, শনিবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা, সোমবারের পরে দুর্যোগ কাটার সম্ভাবনা

শনিবার থেকেই একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। রবিবার বৃষ্টির দাপট আরও বাড়বে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রয়েছে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা।

নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ আগস্ট ২০২৬ ১১:১০

নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে থাকা ঘূর্ণাবর্তটি আজ সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বরিশাল হয়ে এগিয়ে যাবে। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। এর জেরে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়তে পারে।

রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং হাওড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারও বাঁকুড়া ও ঝাড়গ্রামের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য জেলায় ধীরে ধীরে ঝড়-বৃষ্টির দাপট কমবে।

উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার জলপাইগুড়ির কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়াও বইতে পারে। আগামী ২৪ ঘণ্টায় শহরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৭ মিলিমিটার।


Share