Nepal Flash Flood

ফের হড়পা বানের আতঙ্ক নেপালে! তিব্বতে কৃত্রিম হ্রদ, ভেঙে পড়লেই নামতে পারে ভয়াবহ জলস্রোত

বুধবারের ভয়াবহ হড়পা বানের জেরে এই জেলাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। নতুন করে সতর্কবার্তা জারির পর তিব্বত এবং নেপাল- দুই দিকেই উদ্ধারকাজ সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে।

নেপালে হড়পা বান।
নিজস্ব সংবাদদাতা, নেপাল
  • শেষ আপডেট: ২৮ আগস্ট ২০২৬ ০৪:৩৮

নেপালে ফের হড়পা বানের সতর্কবার্তা জারি হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নেপাল সীমান্তবর্তী তিব্বতে হিমবাহ ভেঙে তৈরি হওয়া একটি হ্রদ বা জলাধার থেকে জল উপচে নিম্ন অববাহিকার দিকে নামছে। এর জেরে তিব্বত সংলগ্ন নেপালের রাসুয়া জেলায় ইতিমধ্যেই হড়পা বানের জল ঢোকার খবর পাওয়া গিয়েছে। বুধবারের ভয়াবহ হড়পা বানের জেরে এই জেলাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। নতুন করে সতর্কবার্তা জারির পর তিব্বত এবং নেপাল- দুই দিকেই উদ্ধারকাজ সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে।

নেপালে ফের হড়পা বানের আশঙ্কা রয়েছে। এই বিষয়ে বৃহস্পতিবারই চিন পড়শি দেশটিকে সতর্ক করেছিল। চিনের তরফে জানানো হয়, হিমবাহধসের পর পাহাড়ি নদীগুলির খাতে বিপুল পরিমাণ তুষার, পাথর ও কাদামাটি জমে রয়েছে। কোথাও কোথাও এই ধসের ধ্বংসাবশেষ নদীর স্বাভাবিক জলপ্রবাহ আটকে অস্থায়ী জলাধারের মতো পরিস্থিতি তৈরি করেছে। ফলে জলের চাপ বাড়লে সেই জমাট বাঁধা অংশ ভেঙে গিয়ে ফের পাথর, তুষার ও কাদামাটির স্রোত পাহাড়ি নদী ধরে নিম্ন অববাহিকায় নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকালে হিমবাহধসের পর ভোটেকোশী নদীতে ঠিক এমন পরিস্থিতিই তৈরি হয়েছিল। নতুন করে হড়পা বানের আশঙ্কায় নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নেপাল প্রশাসনও পরিস্থিতির উপর নজর রাখছে।

বৃহস্পতিবার রাতে চিনের জলসম্পদ দফতর সতর্কতা জারি করে জানায়, পাথর, কাদা ও তুষার জমে তিব্বতের ছোকেন খোলা এবং পুরেপি সাংপো নদীর সংযোগস্থলে একটি কৃত্রিম হ্রদ তৈরি হয়েছে। দুই নদীই তিব্বত থেকে নেপালে প্রবেশ করেছে। ওই কৃত্রিম হ্রদ ভেঙে গেলে ফের বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছে চিন।


Share