Dilip Ghosh

বারুইপুরের পর খড়্গপুরেও ‘এনকাউন্টার’! মাফিয়া-গুন্ডাদের কড়া হুঁশিয়ারি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

তবে মাঝে কয়েক বছর এলাকায় ‘গুন্ডারাজ’ চলেছে এবং সাধারণ মানুষের উপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দিলীপের কথায়, ‘‘এ সবে তৃণমূল নেতারা যুক্ত। পুলিশকে বলেছি ব্যবস্থা করতে, নয়তো আমাদের কাছে আসবেন।’’

দিলীপ ঘোষ।
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ২৩ আগস্ট ২০২৬ ০৭:১০

বারুইপুরের মতো এ বার খড়্গপুরেও ‘এনকাউন্টার’ হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার খড়্গপুরে বিজেপির একটি কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এলাকার মাফিয়া, গুন্ডা এবং ‘পাতাখোর’দের বিরুদ্ধে কড়া বার্তা দেন।

দিলীপের দাবি, পুলিশ তাঁকে জানিয়েছে, পুজোর আগেই খড়্গপুরে শান্তি ফেরানো হবে এবং গুন্ডাগিরি বন্ধ করা হবে। এই প্রসঙ্গেই পুলিশকে কর্তব্য পালনের কথা মনে করিয়ে কটাক্ষও করেন তিনি। রবিবার দিলীপ খড়্গপুরে বিজেপির একটি কার্যালয়ের উদ্বোধন করেন। সেখানে তিনি বলেন, খড়্গপুরের মানুষ বরাবরই বিজেপির পাশে থেকেছেন। তবে মাঝে কয়েক বছর এলাকায় ‘গুন্ডারাজ’ চলেছে এবং সাধারণ মানুষের উপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দিলীপের কথায়, ‘‘এ সবে তৃণমূল নেতারা যুক্ত। পুলিশকে বলেছি ব্যবস্থা করতে, নয়তো আমাদের কাছে আসবেন।’’

এর পরেই দিলীপ জানিয়ে দেন, খড়্গপুরে আর ‘মাফিয়াগিরি’ বা ‘গুন্ডাগিরি’ চলবে না। তাঁর দাবি, এলাকায় কোনও গুন্ডাকে থাকতে দেওয়া হবে না। রাজ্যের মন্ত্রীর কথায়, পুলিশও কড়া পদক্ষেপের বার্তা দিয়েছে। তিনি বলেন, ‘‘পুলিশ বলে দিয়েছে, খড়্গপুরে পা রাখলে গুলি খেতে হবে। ডাল ভাত খাওয়ার আগে গুলি খেতে হবে। দেখতে পাচ্ছেন, গুন্ডাগিরি কমেছে। পুলিশ আমাকে বলেছে, পুজোর আগে ঠান্ডা করবে।’’ পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও জানান দিলীপ। তাঁর কথায়, ‘‘ঠান্ডা করার জন্য যা করার দরকার, হাত খোলা রয়েছে (পুলিশের)। হাত বার করবে, ট্রিগার টিপবে। উৎপাত সহ্য করব না।’’ খড়্গপুরে নেশার টাকা জোগাড় করতে চুরি করা ‘পাতাখোর’দের দাপটও কমছে বলে তিনি দাবি করেন। তাঁর বক্তব্য, ইতিমধ্যে পুলিশ এই ধরনের প্রায় ২০০ জনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে কেউ কেউ জামিন পেতে পারেন। তবে যাঁদের সংশোধন হবে না, তাঁদের জেলেই থাকতে হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ করা হবে বলেও জানান দিলীপ। তিনি বলেন, ‘‘ভিডিয়ো দেখেছেন, পুলিশ পাড়ায় পাড়ায় তাড়া করে ধরছে। কাউকে ছাড়া হবে না। দরকারে এনকাউন্টার হবে, বারুইপুরে যেমন হয়েছে।’’

দিলীপের দাবি, খড়্গপুরের মানুষ শান্তি চান বলেই তাঁরা বিজেপিকে ভোট দিয়ে জয়ী করেছেন। তাই তাঁর প্রধান লক্ষ্য, শহরের মানুষকে শান্তিপূর্ণ পরিবেশ দেওয়া। সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। পাশাপাশি দিলীপ পুলিশকেও কড়া বার্তা দিয়েছেন। তাঁর অভিযোগ, অতীতে খড়্গপুরের অব্যবস্থার সঙ্গে পুলিশের একাংশও যুক্ত ছিল। ব্যবসায়ীরা ভয় নিয়ে ব্যবসা করতেন, অনেক পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তাঁর। দিলীপের স্পষ্ট বক্তব্য, সেই পরিস্থিতি আর চলতে দেওয়া হবে না। তাঁর কথায়, ‘‘আগে পুলিশ জেনেও করেনি, এখন করুক। গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল।’’


Share