TMC

শ্রীরামপুরে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ, দুর্নীতির অভিযোগে সরব স্থানীয় বাসিন্দাদের একাংশ

জোর করে বাড়ি দখল, প্রভাব খাটানো ও বিপুল সম্পত্তি বৃদ্ধির অভিযোগ তুলে প্রতিবাদকারীরা তদন্তের দাবি জানান।

শ্রীরামপুর পুরসভার সামনে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১১:২৩

দীর্ঘদিনের ক্ষোভ উগরে দিয়ে এ বার শ্রীরামপুরের বাসিন্দাদের একাংশ রাস্তায় নামলেন। হুগলির শ্রীরামপুর পুরসভার সামনে তৃণমূল কাউন্সিলর উত্তম রায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের হাতে ছিল নানা অভিযোগ লেখা পোস্টার। কাউন্সিলরের ছবিতে ডিম ছুড়েও প্রতিবাদ জানানো হয়।

উত্তম রায় শ্রীরামপুর পুরসভার প্রাক্তন ৬ নম্বর ও বর্তমান ৫ নম্বর ওয়ার্ডের চার বারের নির্বাচিত কাউন্সিলর। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে বিরোধীদের ওপর অত্যাচার চালানো হত। জোর করে বাড়ি দখল-সহ বিভিন্ন অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের দাবি, গত কয়েক বছরে তাঁর বিপুল সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। দার্জিলিং, দীঘা-সহ বিভিন্ন জায়গায় বিলাসবহুল হোটেল, বাড়ি ও অনুষ্ঠানবাড়ি তৈরির অভিযোগও তোলা হয় তাঁর বিরুদ্ধে।

বিক্ষোভকারীদের দাবি, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তাঁরা প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেয়েছেন। তাই তাঁরা অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও তদন্তের দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী সাহা বলেন, "আমার কাছে এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ এলে আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার, তা নেওয়া হবে।"

অন্য দিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর উত্তম রায়। তাঁর দাবি, “আমি যা করেছি, সবই আইন মেনে করেছি। কারও কোনও অভিযোগ থাকলে আইনগত ভাবে জানাতে পারেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।”


Share