Eastren Railway

হাওড়া স্টেশনে চালু ২৪ নম্বর প্ল্যাটফর্ম, একসঙ্গে দাঁড়াতে পারবে ২৪ ও ২৬ কামরার ট্রেন

যাত্রী পরিষেবা আরও উন্নত করতে হাওড়া স্টেশনে আনুষ্ঠানিকভাবে চালু হলো নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম। ৬৩৫ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মে ২৪ ও ২৬ কামরার দূরপাল্লার ট্রেন দাঁড়াতে পারবে। রেলের আশা, এতে অন্যান্য প্ল্যাটফর্মের উপর চাপ কমবে এবং ট্রেন পরিচালনা আরও সহজ হবে।

হাওড়ায় চালু নতুন প্ল্যাটফর্ম।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৬ ০৩:২৩

যাত্রী পরিষেবাকে আরও উন্নত করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। সোমবার আনুষ্ঠানিকভাবে হাওড়া স্টেশনে চালু করা হলো নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম। রেল কর্তৃপক্ষের আশা, এই প্ল্যাটফর্ম চালু হওয়ায় স্টেশনের অন্যান্য প্ল্যাটফর্মের উপর চাপ অনেকটাই কমবে। দূরপাল্লার ট্রেন পরিচালনাও আরও সহজ হবে।

রেল সূত্রে জানা গিয়েছে, নতুন এই প্ল্যাটফর্মে ২৪ এবং ২৬ কামরার দূরপাল্লার ট্রেন অনায়াসে দাঁড়াতে পারবে। এতদিন হাওড়া স্টেশনের দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল নয় নম্বর। তবে দীর্ঘ ট্রেন চলাচলের ক্ষেত্রে যাত্রীদের ওঠানামায় নানা সমস্যা দেখা দিত। সেই সমস্যা দূর করতেই নতুন প্ল্যাটফর্ম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ৬৩৫ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। হাওড়া স্টেশনের অন্যতম দীর্ঘ প্ল্যাটফর্ম হিসেবে এটি এখন যাত্রী পরিষেবায় যুক্ত হল। সোমবার সকালে প্লাটফর্মটি উদ্বোধন হয়। এর পর দুপুর থেকেই এই প্ল্যাটফর্মে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা জানিয়েছে রেল।

রেল কর্তৃপক্ষের দাবি, আপাতত দূরপাল্লার ট্রেন পরিচালনার জন্যই এই প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে। ভবিষ্যতে যাত্রী সংখ্যা ও পরিষেবার চাহিদা বাড়লে প্রয়োজন অনুযায়ী আরও পরিকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, পূর্ব রেল চলতি জুলাই মাসেই হাওড়া ডিভিশনের রেল পরিকাঠামো উন্নয়নের একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেছিল। নতুন ট্রেন পরিষেবা চালুর পাশাপাশি ১০-১১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। একই সঙ্গে ১৬ নম্বর প্ল্যাটফর্মের নির্মাণকাজও এগোচ্ছে। তবে ওই প্ল্যাটফর্মগুলি যাত্রী পরিষেবার জন্য চালু হতে এখনও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।


Share