Eastren Railway

যাত্রীদের স্বস্তি, সোমবার থেকে তারকেশ্বর ও শেওড়াফুলির মধ্যে চালু হচ্ছে নতুন লোকাল ট্রেন

রেল কর্তৃপক্ষের মতে, তারকেশ্বর–হাওড়া শাখায় ক্রমবর্ধমান যাত্রীর চাপ সামাল দিতেই এই নতুন পরিষেবা চালু করা হচ্ছে। এতে নিত্যযাত্রী ও ছোট ব্যবসায়ীদের যাতায়াতে কিছুটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১০:৩২

যাত্রীদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণের পথে। ইস্টার্ন রেলওয়ে তারকেশ্বর ও শেওড়াফুলির মধ্যে নতুন একটি ইএমইউ লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকেই এই নতুন পরিষেবা শুরু হবে। ট্রেনটি তারকেশ্বর রেলওয়ে স্টেশন থেকে সকাল ১০টা ৫ মিনিটে ছাড়বে। সকাল ১০টা ৫৩ মিনিটে শেওরাফুলি রেলওয়ে স্টেশন পৌঁছোবে সকাল। পরে শেওড়াফুলি থেকে সকাল ১১টায় ছেড়ে ১১টা ৫০ মিনিটে আবার তারকেশ্বরে ফিরবে। যাত্রীদের সুবিধার জন্য ট্রেনটি পথে সবকটি স্টেশনেই দাঁড়াবে।

রেল আধিকারিকদের মতে, তারকেশ্বর–হাওড়া শাখায় প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই চাপ আরও বাড়ছে। সেই পরিস্থিতি সামাল দিতেই এই নতুন লোকাল পরিষেবা চালু করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের মতে, তারকেশ্বর থেকে অনেক ছোট ব্যবসায়ী নিয়মিত শেওড়াফুলি হাটে কেনাবেচার জন্য যান। কেউ আলু বা মুড়ির বস্তা নিয়ে যান। আবার অনেকেই শেওড়াফুলি থেকে আনাজ কিনে তারকেশ্বরে ফেরেন। কিন্তু অফিস টাইমে ট্রেনে ভিড় বেশি থাকায় মালপত্র নিয়ে ওঠা–নামায় সমস্যায় পড়তে হয়। নতুন ট্রেন চালু হলে যাত্রী ও ব্যবসায়ী—উভয়েরই কিছুটা সুবিধা হবে বলে মনে করছেন।


Share