Hamim Mondal Case

মন্ত্রীর তথ্য হামিমকে দিয়েছিল আদিত্য, পাকিস্তানি জঙ্গি যোগে হাওড়া থেকে গ্রেফতার আরও এক, গ্রেফতারির সংখ্যা বেড়ে তিন

পুলিশ সূত্রের খবর, রাজ‍্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাইকে হুমকি দিয়ে যে ফোন করা হয়েছিল তাতে এই আদিত‍্যের যোগ রয়েছে। আদিত‍্যই মন্ত্রীর যাবতীয় তথ্য ইসলামিক জঙ্গি হামিমকে দিয়েছিলেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০৩ আগস্ট ২০২৬ ১১:৩৯

ইসলামিক জঙ্গি হামিম মন্ডলের সঙ্গে যোগাযোগের সন্দেহে আরও একজনকে গ্রেফতার করল রাজ‍্য পুলিশের এসটিএফ। ধৃতের নাম আদিত্য সিংহ ওরফে রাজ। আদিত্য হাওড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, রবিবার রাতেই আদিত‍্যকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক জবাব না মেলায় গ্রেফতার করা হয়েছে। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে হাজির করানো হবে। 

পুলিশ সূত্রের খবর, রাজ‍্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাইকে হুমকি দিয়ে যে ফোন করা হয়েছিল তাতে এই আদিত‍্যের যোগ রয়েছে। আদিত‍্যই মন্ত্রীর যাবতীয় তথ্য ইসলামিক জঙ্গি হামিমকে দিয়েছিলেন। তিনি কীভাবে মন্ত্রীর তথ‍্য পেলেন, কীভাবে তা জোগাড় করলেন সেই বিষয়টি খতিয়ে দেখছে এসটিএফের গোয়েন্দারা। মন্ত্রী এবং তাঁর পরিবারের কী ধরণের তথ্য (কোয়ালিটি অফ ইনফরমেশন) পাচার করা হয়েছে তা যাচাই করছে এসটিএফ। 

রাজ‍্যের প্রতিমন্ত্রী উমেশ রাইকে পাকিস্তান থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন। তিনি জানিয়েছিলেন, তাঁকে পাকিস্তান থেকে ফোন করছিল আবিদ জাট। সে দাবি করে, মন্ত্রী এবং তাঁর পরিবারের যাবতীয় তথ্য তাদের কাছে রয়েছে। মন্ত্রীকে খুন এবং তাঁর পুত্রকে অপহরণ করার হুমকি দেওয়া হয়েছিল। পুলিশকে বিষয়টি জানানোর পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে রাজ‍্য পুলিশের এসটিএফ। সেই সূত্র ধরেই বর্ধমান থেকে গ্রেফতার করা হয় ইসলামিক জঙ্গি হামিম মন্ডলকে। 

ইসলামিক জঙ্গি হামিম মন্ডলকে জিজ্ঞাসাবাদের পরে অর্পিতা সরকারের খোঁজ মেলে। ঝাড়খন্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। ঝাড়খন্ডের বাসিন্দা অর্পিতা হামিমের বান্ধবী ছিল বলে এসটিএফ জানিয়েছে। এই অর্পিতার মাধ্যমে হানিট্রাপ করে অপহরণ এবং খুনের পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। চার বছর ধরে হামিমের সঙ্গে তার সম্পর্ক ছিল। অর্পিতা কীভাবে এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

গত বৃহস্পতিবার ভোরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে রেনেসাঁ আবাসনের একটি জিম থেকে ইসলামিক জঙ্গি হামিমকে গ্রেফতার করা হয়। হামিম এবং অর্পিতা দু’জনেই আপাতত পুলিশের হেফাজতে রয়েছে। এরই মধ্যে আরও একজনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ।


Share