Rajarhat Blast

খাবারের ব‍্যাগে করে আনা হয়েছিল বোমা! ঘটনাস্থলে এনআইএ, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে রাজারহাটের ঘটনা নিয়ে দানা বাঁধছে রহস্য

ঘটনায় পুলিশ তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় শামিম এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে একটি ব‍্যাগ তার ঘরে রেখে আসতে বলে।

রাজারহাটে বিস্ফোরণ।
নিজস্ব সংবাদদাতা, রাজারহাট
  • শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৬ ০৪:০৪

রাজারহাটের ঘটনাস্থলে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এনআইএ। আগামী রবিবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কর্মসূচি রয়েছে। সেই সফরের আগেই রাজারহাটের বাড়িতে বোমা বিস্ফোরণ নিয়ে রহস্য দানা বেঁধেছে।

শুক্রবার সন্ধ্যায় রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগান এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ সূত্রের খবর, বাড়ির মালিকের নাম জুলফিকার আনসারি। জুলফিকার মহম্মদ শামিম নামে এক ব্যক্তিকে ভাড়া দেয়। শামিম কামারহাটির বাসিন্দা বলে জানা গিয়েছে। দু’দিন আগেই শামিম ভাড়া নিয়ে ওই বাড়িতে থাকছিল। শাহেনশাহ নামে এক দালালের মাধ্যমে বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ হয়।

ঘটনায় পুলিশ এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় শামিম এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে একটি ব‍্যাগ তার ঘরে রেখে আসতে বলে। ওই ব‍্যক্তি ঘরে এসে ব‍্যাগটি রেখে দরজা বন্ধ করে দিয়ে বেরিয়ে আসে। বাড়ির লোকেরা ব‍্যাগে কী আছে জিজ্ঞেস করে। ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাতে খাবার আছে বলে জানায়। তার পরে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার পরেই জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ঘটনার পর থেকেই মহম্মদ শামিম পলাতক বলে জানা গিয়েছে।

বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একাংশ ভেঙে পড়েছে। ঘরের দেওয়ালের চারিদিকে বোমার স্পিন্টার লেগে রয়েছে। লোহার গেট উড়ে গিয়েছে। সানশেড ভেঙে পাশের বাড়িতে গিয়ে পড়েছে। ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা। বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে এলে দু’টি বোমা উদ্ধার করে নিয়ে গিয়েছে। শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছে এনআইএয়ের একটি বিশেষ দল। তাঁরা বিস্ফোরণস্থলের নমুনা সংগ্রহ করছেন।

শনিবার রাতে রাজ‍্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার শিলিগুড়িতে বৈঠক করে কলকাতায় আসবেন। আগামীকাল, বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী শাহের। তার আগেই এই ঘটনা নিরাপত্তা নিয়ে পুলিশের উদ্বেগ বাড়িয়েছে। ভাড়া দেওয়ার পরে ভাড়াটিয়া পরিচয়পত্র থানায় জমা দিতে হয়। আদৌ তা জমা দেওয়া হয়েছিল কি না তা নিয়ে পুলিশ স্পষ্ট ভাবে কিছু জানায়নি। দুই যুবকের খোঁজ করছে পুলিশ।


Share