Murder

পারিবারিক বিবাদের জেরে কাকাকে পিটিয়ে খুন, গ্রেফতার ভাইপো

উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া থানার ইছাপুর গোয়ালাপাড়া এলাকায় মদ্যপ অবস্থায় মারধরের ঘটনায় গুরুতর আহত কানাই প্রামাণিকের হাসপাতালে মৃত্যু হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, নোয়াপাড়া
  • শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১০:৩৯

পারিবারিক বিবাদের জেরে কাকাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া থানার ইছাপুর গোয়ালাপাড়া এলাকায়। মৃতের নাম কানাই প্রামাণিক। ঘটনায় অভিযুক্ত ভাইপো সৈকত প্রামাণিক। সৈকত ওরফে জয়কে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সৈকত রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে। তারপর তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি শুরু হয়। অভিযোগ, সে সময় কানাই প্রামাণিক বাড়িতে ফিরতেই তাঁর উপর চড়াও হয় অভিযুক্ত। বেধড়ক মারধরের পাশাপাশি ভারী কোনও বস্তু দিয়ে কানাইয়ের মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা কানাই প্রামাণিককে উদ্ধার করে। তাঁকে ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসা চলাকালীন মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, জয় প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। সোমবার রাতেও একই আচরণ শুরু করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। পরিবারের দাবি, অভিযুক্ত কারও সঙ্গেই ভালো ব্যবহার করত না।

উত্তর ব্যারাকপুর পুরসভার উপপুরপ্রধান শ্রীপর্ণা রায় জানান, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, অভিযুক্ত জয়ের বিরুদ্ধে অতীতেও গুরুতর অভিযোগ রয়েছে। প্রায় তিন থেকে চার বছর আগে মদ্যপ অবস্থায় নিজের আরেক কাকা নব প্রামাণিককে খুন করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। অভিযুক্তকে আদালতে পেশ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।


Share