Suicide

কোলে শিশুকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ, দুর্ঘটনায় মৃত্যু মা ও সন্তানের

প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনটি একেবারে কাছে চলে আসতেই শিশুকে কোলে নিয়েই লাইনে ঝাঁপ দেন ওই মহিলা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হাবরা
  • শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ০২:৩৩

উত্তর ২৪ পরগনার হাবরায় এক হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কোলে একরত্তি শিশু। তাঁকে সঙ্গে নিয়েই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক মহিলা আত্মঘাতী হন। ঘটনায় মা ও শিশুর দু’জনেরই মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে শিয়ালদহ-বনগাঁ শাখার হাবরা-২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম অর্পিতা রায়। ঘটনার খবর পেয়ে হাবরা জিআরপি ঘটনাস্থলে পৌঁছে মা ও শিশুর দেহ উদ্ধার করে বনগাঁ জিআরপির হাতে তুলে দেয়। পরে ময়নাতদন্তের জন্য দেহ দু’টি পাঠানো হয়।

স্থানীয়দের বক্তব্য, মঙ্গলবার সকালে অর্পিতা রায়কে কোলে একটি শিশুকে নিয়ে অশোকনগরের দিক থেকে বনগাঁমুখী আপ লাইনের পাশে হাঁটতে দেখা যায়। প্রথমে বিষয়টি কারও নজরে না পড়লেও হাবরা-২ নম্বর রেলগেটের কাছে এসে আচমকাই তিনি ডাউন লাইনে নেমে পড়েন। সেই সময় শিয়ালদহগামী একটি লোকাল ট্রেন দ্রুতগতিতে এগিয়ে আসছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনটি একেবারে কাছে চলে আসে। তখনই শিশুকে কোলে নিয়ে ওই মহিলা লাইনে ঝাঁপ দেন।

ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়। পরে রেল পুলিশ এসে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অর্পিতা রায়ের বাড়ি হাবরার বামিহাটি এলাকায়। কেন তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক অশান্তি, মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণ এই ঘটনার নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী রবি দাস ও দিব্যেন্দু কর্মকার জানান, মহিলাকে প্রথমে শিশুকে কোলে নিয়ে রেললাইন ধরে হাঁটতে দেখা যায়। এলাকায় এমন দৃশ্য নতুন নয় বলে কেউ বিশেষ গুরুত্ব দেননি। কিন্তু ট্রেন আসার মুহূর্তে আচমকাই তিনি লাইনে নেমে পড়ে ঝাঁপ দেন। ঘটনাটি এত দ্রুত ঘটে যে তাঁকে আটকানোর কোনও সুযোগই মেলেনি।


Share