Murder case

গাঁজার নেশা করতে গিয়ে বচসা, কোন্নগরে বন্ধুর বুকে ছুরি মেরে খুন! গ্রেফতার অভিযুক্ত যুবক

মৃতের মায়ের দাবি, তাঁর ছেলে তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন। খুনের ঘটনায় রাজনৈতিক যোগ নেই বলেই তাঁরা দাবি করছেন।

পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০৯:০৯

নেশা করতে গিয়ে বিপত্তি। গাঁজার নেশা করতে গিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা বাঁধে। তার জেরে এক যুবককে ছুরি মেরে খুন করার অভিযোগ উঠল তাঁরই বন্ধুর বিরুদ্ধে। হুগলির কোন্নগরের বাগখাল মিল মাঠ এলাকায় ঘটনাটি ঘটেছে। উত্তরপাড়া থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বাগখাল এলাকার একটি মাঠের ঝোপের মধ্যে স্থানীয় বাসিন্দারা এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দেহটিকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়।

মৃত যুবকের নাম মহম্মদ একলাখ আনসারী। তিনি পেশায় হাইড্রা গাড়ির চালক ছিলেন। পরিবারের দাবি, শুক্রবার থেকে তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল।

মৃতের মা জানান, বৃহস্পতিবার বিকেলে একলাখকে তাঁর বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বন্ধুর নাম মহম্মদ ফরিয়াদ। তিনি পেশায় বুলডোজার চালক। এরপর রাত প্রায় ১টা নাগাদ উত্তরপাড়া থানার পক্ষ থেকে পরিবারের কাছে ফোন আসে।একলাখের খুন হওয়ার খবর তখনই তাঁরা জানতে পারেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাগখাল মিল মাঠ এলাকায় বসে একলাখ ও ফরিয়াদ গাঁজার নেশা করছিলেন। সেই সময় দু’জনের মধ্যে কোনও বিষয় নিয়ে বচসা বাধে। ফরিয়াদের কাছে একটি ছুরি ছিল। অভিযোগ, উত্তেজনার বশে ফরিয়াদ সেই ছুরি দিয়ে একলাখের বুকে আঘাত করে। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মৃতের মায়ের দাবি, তাঁর ছেলে তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন। কিন্তু কারও সঙ্গে কোনও ব্যক্তিগত শত্রুতা বা অশান্তি ছিল না। ফলে এই ঘটনায় রাজনৈতিক কোনও যোগ নেই বলেই মনে করছেন পরিবারের সদস্যরা।

পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ফরিয়াদকে গ্রেফতার করেছে। ধৃতকে শুক্রবার শ্রীরামপুর আদালতে তোলা হবে। ঘটনার পিছনে নেশাজনিত বিবাদই মূল কারণ বলে প্রাথমিকভাবে পুলিশের মনে করছে। তবে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালানো হচ্ছে।


Share