TMC Leader Arrested

কুলতলিতে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বিপুল ত্রাণসামগ্রী, ধৃতকে গ্রেফতার করেছে পুলিশ

কার্তিক সর্দারের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন।

উদ্ধার হয়েছে ত্রাণ সামগ্রী
নিজস্ব সংবাদদাতা, কুলতলি
  • শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১২:১০

রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। তারপর থেকেই একাধিক অভিযোগ উঠেছে তৃণমূল-কংগ্রেসের বিরুদ্ধে। অনেকের হাতে হাত কড়াও পড়েছে। বিভিন্ন জেলায় একাধিক তৃণমূল নেতা-নেত্রীর বিরুদ্ধে বেআইনি ভাবে ত্রাণসামগ্রী মজুতের অভিযোগ উঠেছে। পুলিশের অভিযানও অব্যাহত রয়েছে। এরই মধ্যে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে একই ধরনের অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম কার্তিক সর্দার। তিনি কুলতলির জলাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। অভিযোগ, তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সেখান থেকে কার্তুজ ও আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ আসত। কিন্তু বহু মানুষ সেই সাহায্য পাননি। তাঁদের দাবি, একাধিকবার ত্রাণবাহী গাড়ি এলাকায় আসতে দেখা গিয়েছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেই সামগ্রী বণ্টন করা হয়নি। এমনকি ত্রাণ চাইতে গেলে ‘মাল নেই’ বলে ফিরিয়ে দেওয়া হত বলেও অভিযোগ উঠেছে।

এলাকায় স্বজনপোষণের অভিযোগও সামনে এসেছে। স্থানীয়দের দাবি, ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বহু পরিবার প্রয়োজনীয় সাহায্য না পাননি। তবে নেতার ঘনিষ্ঠ ব্যক্তি ও আত্মীয়দের মধ্যে ত্রিপল এবং অন্যান্য ত্রাণসামগ্রী বিলি করা হত।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কার্তিক সর্দারের গ্রেফতারের খবর ছড়িয়ে পরে। আর তারপরই স্থানীয় বাসিন্দারা তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন।

এই প্রসঙ্গে বিজেপি নেত্রী মাধবী হালদার দাবি করেছেন, কার্তিক সর্দার কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সর্দারের আত্মীয়। তাঁর অভিযোগ, তল্লাশির সময় ত্রাণসামগ্রীর পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদনপত্র এবং পুলিশের ভুয়ো পোশাকও উদ্ধার হয়েছে। ঘটনায় তিনি দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত চলছে।


Share