Fire Incident

বজবজে ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণ, মৃত এক নাবালক, আশঙ্কাজনক আরও এক

খালি তেলবাহী ট্যাঙ্কারে ঝালাইয়ের সময় এই বিস্ফোরণ ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বজবজ
  • শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ০৪:৪২

দক্ষিণ ২৪ পরগনার বজবজে একটি ঝালাইয়ের গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু হল এক নাবালকের। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও এক ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরে বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় শেখ নিজামউদ্দিন নামে এক ব্যক্তির একটি ঝালাইয়ের গ্যারেজ রয়েছে। সেখানে সাধারণত খালি তেলবাহী ট্যাঙ্কারের মেরামতি ও ঝালাইয়ের কাজ করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে একটি খালি তেলবাহী ট্যাঙ্কারের ঝালাইয়ের কাজ চলছিল। সেই সময় আচমকাই সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় গ্যারেজের ছাদের একাংশ উড়ে যায়। ঘটনায় এক নাবালক-সহ দুই জন গুরুতর জখম হন। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বজবজ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। আহতদের উদ্ধার করে বজবজের ২ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা নাবালককে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


Share