Gun Shoot

হাওড়ার লিলুয়ায় মদের আসরে চলল গুলি, গুলিবিদ্ধ যুবক, গুরুতর জখম অবস্থায় ভর্তি করানো হয় হাসপাতালে

হাওড়ার লিলুয়ার বর্মা কলোনিতে মদের আসরকে কেন্দ্র করে বচসার জেরে গুলিবিদ্ধ হলেন এক যুবক। কাঁধে গুলি লেগে তিনি হাসপাতালে ভর্তি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, লিলুয়া
  • শেষ আপডেট: ০৫ আগস্ট ২০২৬ ০২:৩০

হাওড়ার লিলুয়ার বর্মা কলোনি এলাকায় চলল গুলি। মদের আসরকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। মঙ্গলবার রাতে দু'পক্ষের মধ্যে বচসা বাঁধে। আর তারপরই চলে গুলি। ঘটনায় কাঁধে গুলিবিদ্ধ হয়ে এক যুবক। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম মালিঙ্গা। ঘটনাটি তাঁদের বাড়ির কাছেই ঘটেছে।মদ্যপান করার মধ্যেই তাঁদের দুই বন্ধুর মধ্যে বচসা তৈরি হয়। অভিযোগ, সেই সময়েই বন্ধু বন্দুক বের করে। তারপরই মালিঙ্গার দিকে তাক করে গুলি ছোড়েন। মালিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। গুলি লাগার পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। চিকিৎসকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই বন্ধু গা ঢাকা দেন বলে খবর। খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। ঘটনাস্থল ঘিরে ফেলা হয়। জানা গিয়েছে, সেখানে বেশ কিছু কাগজ উদ্ধার হয়েছে। তবে পুলিশ এখনও এ নিয়ে কোনও মন্তব্য করেনি। বিশেষ করে এই দুই যুবকের বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ রয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়। বুধবার সকালেও পরিস্থিতি থমথমে থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

কী কারণে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত, কারা গুলি চালিয়েছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে পুলিশ খতিয়ে দেখছে। তবে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।


Share