TMC Leader Arrested

তারকেশ্বরে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি সংলগ্ন কলেজে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, ১৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার দুই

অভিযোগ প্রসঙ্গে প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের প্রতিক্রিয়া জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তাঁর কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বেসরকারি কলেজ থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৯:৫১

এবার প্রাণ সামগ্রী উদ্ধার হুগলির তারকেশ্বরে। একটি বেসরকারি কলেজ থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলেজটি প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের বাড়ির সংলগ্ন এলাকায় অবস্থিত। ঘটনায় পুলিশ কলেজটি সিল করে দিয়েছে। পাশাপাশি রামেন্দু সিংহ রায়-সহ মোট ১৮ জনের বিরুদ্ধে ধনেখালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে দু’জনকে গ্রেফতারও করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ধনেখালির কোটালপুর এলাকায় ওই কলেজ প্রাঙ্গণ থেকে গোপনে কিছু সামগ্রী সরিয়ে ফেলার চেষ্টা চলছিল। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। ঘটনার খবর পেয়ে তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পানও ঘটনাস্থলে পৌঁছোন। 

স্থানীয় মানুষ, পুলিশ এবং বিধায়কের উপস্থিতিতে কলেজের স্টোররুমে তল্লাশি চালানো হয়। সেখান থেকে সরকারি ত্রিপল, ‘স্বচ্ছ ভারত’ লেখা ডাস্টবিন, কম্বল, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, ফুটবল, লাঠি, রড এবং সাদা থান কাপড় উদ্ধার হয়। বিপুল পরিমাণ এই সামগ্রী উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাতেই পুলিশ সমস্ত সামগ্রী নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে কলেজটি সিল করে দেয়।

এই ঘটনায় প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়-সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ চিত্তরঞ্জন মণ্ডল ও হরিপদ মালিক নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে।

ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্বের অভিযোগ, সরকারি ত্রাণ সামগ্রী বেআইনিভাবে ওই কলেজে মজুত রাখা হত। এর সঙ্গে প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠদের যোগ রয়েছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি বিজেপি তোলাবাজি ও সরকারি প্রকল্পের টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

অন্য দিকে, অভিযোগ প্রসঙ্গে প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের প্রতিক্রিয়া জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তাঁর কোনও বক্তব্য পাওয়া যায়নি।


Share