Railway

ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, ব্যাহত হাওড়া-বর্ধমান মেন লাইনের ট্রেন পরিষেবা

শেওড়াফুলি জিআরপি সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামতির কাজ শুরু করেন।

লাইনচ্যুত ট্রেন
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৬ ১১:২২

হুগলির ভদ্রেশ্বরে শুক্রবার সকালে মালগাড়ির একটি ইঞ্জিন বেলাইন হয়ে যায়। হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচলে যার প্রভাব পড়েছে। ঘটনাটি ঘটে সকাল প্রায় ৮টা ১৫ মিনিট নাগাদ।

রেল সূত্রে জানা গিয়েছে, মালগাড়িটি হাওড়া থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল। ভদ্রেশ্বর স্টেশনের কাছাকাছি পৌঁছোতেই হঠাৎ ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই আপ এবং রিভার্স লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে শুধুমাত্র ডাউন লাইন দিয়ে সীমিত সংখ্যক ট্রেন চলাচল করছে।

শেওড়াফুলি জিআরপি সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামতির কাজ শুরু করেন। বেলাইন হয়ে যাওয়া ইঞ্জিনটিকে পুনরায় লাইনে তোলার কাজ চলছে। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করে ট্রেন পরিষেবা চালু করার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।

এই ঘটনার জেরে হাওড়া-বর্ধমান মেন লাইনের একাধিক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলছে। অফিসযাত্রীদের ভিড়ের সময় এই দুর্ঘটনা ঘটায় যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে। এ দিকে, বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।


Share