Shoot Out

হাওড়ার জগৎবল্লভপুরে স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

বাধা দিতে গেলে পল্লব সাহার পায়ে গুলি লাগে। ঘটনাস্থল থেকে গুলির খোল ও একটি দেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তদন্ত চলছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৬ ০১:১৩

হাওড়ার জগৎবল্লভপুরে এক স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাঁর কাছ থেকে টাকা ও গয়না লুঠের অভিযোগ উঠেছে। ঘটনায় পল্লব সাহা নামে ওই ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁর পায়ে গুলি লাগে। পরে তাঁকে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে দাদার সঙ্গে মোটরবাইকে করে তিনি বাড়ি ফিরছিলেন। পাতিয়াল হাটতলা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছোতেই একটি বাইকে চেপে আসা চার দুষ্কৃতী তাঁদের পথ আটকে দেয়। অভিযোগ, ব্যবসায়ীর কাছে থাকা টাকা ও গয়না ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন বাধা দিলে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একটি গুলি তাঁর পায়ে লাগে।

স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের ধাওয়া করলে তারা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। ঘটনাস্থল থেকে গুলির একটি খোল এবং একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে। অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। লুঠের উদ্দেশ্যেই হামলা হয়েছিল বলে প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান। জানা গিয়েছে, পল্লব সাহা স্বর্ণের কাজের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার হিসেবেও কর্মরত ছিলেন।


Share