Theft

ডোমজুড়ে স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই, লক্ষাধিক টাকা ও সোনা লুট

সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি জোরদার করা হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ডোমজুর
  • শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ০৫:১৮

হাওড়ার ডোমজুড়ের সলপ বাজার এলাকায় দুঃসাহসিক ছিনতাই। বুধবার রাত প্রায় ১০টা নাগাদ এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও সোনার গয়না ভর্তি ব্যাগ ছিনতাই করে দুষ্কৃতীরা পালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনার দোকানের মালিক শৈলেন নস্কর প্রতিদিনের মতোই দোকান বন্ধ করছিলেন। শাটার নামিয়ে দোকানে তালা দিচ্ছিলেন। সেই সময় টাকার ব্যাগটি তাঁর পায়ের কাছেই রাখা ছিল। ওই সুযোগে আচমকাই এক দুষ্কৃতী ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালায়। ব্যাগে প্রায় দেড় লক্ষ টাকা নগদ- সহ আনুমানিক সাত থেকে আট ভরি সোনার গয়না ছিল বলে ওই ব্যবসায়ী জানিয়েছেন। ঘটনার পরই তিনি চিৎকার করে দুষ্কৃতীর পিছু নেন। আশপাশের কয়েকজন ব্যবসায়ীও ধাওয়া করেন। তবে মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি একটি মোটরবাইকে উঠে সঙ্গীর সঙ্গে পালিয়ে যায়। দুষ্কৃতীর মুখে কালো মাস্ক ছিল। তাই তাকে শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনাটি এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ সেই ফুটেজ খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে অনুমান, দুষ্কৃতীরা বাইক নিয়ে বাঁকড়া এলাকার দিকে পালিয়েছে। ইতিমধ্যেই জড়িতদের চিহ্নিত করতে তল্লাশি শুরু হয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।


Share