Gun Seized

সুন্দরবনে অস্ত্র পাচারের ছক ভেস্তে দিল কোস্ট গার্ড, নৌকা থেকে উদ্ধার পাঁচ আগ্নেয়াস্ত্র- কার্তুজ, গ্রেফতার চার

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় কোস্ট গার্ড ও বন দফতর যৌথভাবে সুন্দরবন এলাকায় তল্লাশি অভিযান চালায়। সেই সময় ‘আইএফবি ঝুমা’ নামে একটি ভারতীয় মাছ ধরার নৌকাকে আটক করা হয়।

আটক চার জন
নিজস্ব সংবাদদাতা, সুন্দরবন
  • শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ০৬:১০

সুন্দরবন এলাকায় মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল ভারতীয় কোস্ট গার্ড এবং বন দফতর। এই ঘটনায় নৌকায় থাকা চারজনকে আটক করা হয়েছে। এরপর সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তাঁদের তুলে দেওয়া হয়েছে। পরে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় কোস্ট গার্ড ও বন দফতর যৌথভাবে সুন্দরবন এলাকায় তল্লাশি অভিযান চালায়। সেই সময় ‘আইএফবি ঝুমা’ নামে একটি ভারতীয় মাছ ধরার নৌকাকে আটক করা হয়। নৌকায় তল্লাশি চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং বেশ কয়েকটি কার্তুজ উদ্ধার হয়। অভিযানের সময় নৌকায় চার জন উপস্থিত ছিল। তাঁদের সকলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের এবং উদ্ধার হওয়া অস্ত্র-কার্তুজ সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল, সেগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কী উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্তকারীরা খুঁজে দেখছেন। ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক অস্ত্র পাচারের ঘটনা সামনে এসেছে। কয়েকদিন আগে হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকা থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও তিনটি ম্যাগাজিন-সহ এক ট্যাক্সি চালককে কলকাতা পুলিশের এসটিএফ পুলিশ গ্রেফতার করেছিল। তারও আগে সিআইডি এবং অশোকনগর থানার যৌথ অভিযানে ৮ নম্বর মোড় এলাকায় নৈহাটি-অশোকনগর রোড থেকে এক মহিলাকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র, চারটি সাত এমএম ও দু’টি নয় এমএম পিস্তল, ১২টি ম্যাগাজিন এবং প্রায় ২০০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছিল। 

তদন্তকারীদের দাবি, সেগুলিও পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। এবার সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।


Share