Road Accident

সিঙ্গুরে পরপর গাড়ির ধাক্কায় লাগল আগুন, ঝলসে মৃত্যু এক, পথ দুর্ঘটনায় জখম আরও এক

ডাম্পার সংঘর্ষের জেরে যান চলাচল ধীর হয়ে পড়তেই একটি বালি বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িতে ধাক্কা মারে। এরপরই আগুন ধরে যায়।

দাউ দাউ করে জ্বলছে আগুন।
নিজস্ব সংবাদদাতা, সিঙ্গুর
  • শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০১:১৯

ফের সিঙ্গুরে পথদুর্ঘটনা। গাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল চালকের। ঘটনায় আরও একজন জখম হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ভোরে সিঙ্গুরের গোপালনগর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের ডানকুনীমুখী লেনে ঘটনাটি ঘটেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় সড়কের ডানকুনিমুখী লেনে প্রথমে চলন্ত দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই ঘটনায় একজন আহত হয়। এর পরেই জাতীয় সড়কে চলতে থাকা গাড়িগুলির গতিবেগ কমে যায়। বালি বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিছু ক্ষন পরেই গাড়িটি একটি চলন্ত গাড়ির পিছনে গিয়ে সজরে ধাক্কা মারে। এর ফলে গাড়িটি সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়ির সামনের দিকের অংশে আগুন লেগে যায়। জাতীয় সড়কের উপরেই দাউদাউ করে গাড়িটি জ্বলতে থাকে। সেই সময় গাড়ির ভিতরে আটকে পড়েন চালক। এর ফলেই গাড়ির ভিতরেই ঝলসে মৃত্যু হয়।

ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়। পুলিশের তরফে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের তরফে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

অপর দিকে, সামনে যে দুটি ডাম্পারের সংঘর্ষ হয় সেই ঘটনায় একজন গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুন্দর মান্না বলেন, “রাতে ১টার পর একটা গাড়ির সাথে ধাক্কা লাগে। একটা গাড়ি জ্বলে যায়। তাতে গাড়ির ভিতরে একজন ছিলেন। তিনি বের হতে পারে নি। পুরো ঝলসে মারা যায়।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গাড়ি আচমকাই সামনে থাকা আরেকটি গাড়িকে ধাক্কা মারে। ধাক্কার জেরে পিছনের গাড়িটিতে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই অবস্থায় চালক আর গাড়ি থেকে বেরোতে পারেননি। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার কারণ খতিয়ে দেখছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

উল্লেখ্য, গতকালই ভোরবেলা সিঙ্গুরে এই ১৯ নম্বর জাতীয় সড়কে এক কিলোমিটার আগে একটি পথ দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়। গয়ায় পিন্ড দান করে ১০৭ গাড়ি করে বাড়ি ফিরছিলেন ১০ জন। সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজরে ধাক্কা মারে গাড়িটি। তাতেই চার জনের মৃত্যু হয়। পাঁচ জন আহত হন। তাঁরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।


Share