Murder Case

মদ্যপানের আসরে বচসা ঘিরে হাতাহাতি, ব্যারাকপুরে বন্ধুর হাতে খুন যুবক, পলাতক অভিযুক্ত

শুক্রবার সকালে ঘরে রক্তাক্ত অবস্থায় বিজয় দাসকে উদ্ধার করা হয়। তারপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন বিশ্বাস পলাতক।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুরে
  • শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ০৭:৩৩

মদের আসরের বচসা গড়াল হাতাহাতিতে। তার পরেই ঝড়ল রক্ত। ব্যারাকপুরে যুবকের মাথায় ইট দিয়ে মেরে খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। অভিযুক্ত পলাতক। উত্তেজনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কয়েক জন ব্যারাকপুরে ১১ নম্বর ওয়ার্ডের বিলপাড়া এলাকায় যুবকের মধ্যে মদ্যপানের আসর বসেছিল। সেই সময় দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তাঁদের নাম বিজয় দাস ও সুমন বিশ্বাস। মুহূর্তের মধ্যেই তা হাতাহাতিতে পৌঁছে যায়। প্রথমে বাড়ির সামনের রাস্তায় দু’জনের মধ্যে মারামারি হয়। পরে বিজয় দাস বাড়ির ভিতরে চলে যান। অভিযোগ, সেই সময় দরজা খোলা থাকার সুযোগে ভিতরে ঢুকে সুমন বিশ্বাস ইট দিয়ে বিজয়ের মাথায় আঘাত করে। তারপর সেখান থেকে পালিয়ে যায়।

শুক্রবার সকালে বিজয় ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। ঘরে ঢুকে দেখা যায়, বিছানা রক্তে ভেসে যাচ্ছে। তাঁর মাথা থেকে অঝোরে রক্ত ঝরছে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন বিশ্বাস পলাতক। তাঁকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।


Share