Accident

বরানগরে লিফট দুর্ঘটনা, কাজে যোগদানের কয়েকদিনের মাথায় মৃত্যু ১৭ বছরের নাবালক শ্রমিকের

লিফট দোতলা ও তিনতলার মাঝে আটকে গেলে বেরোনোর চেষ্টা করতে গিয়ে নিচে পড়ে যায় সে। পরিবারের অভিযোগ, সুরক্ষাবিধি না মেনেই তাকে কাজ করানো হচ্ছিল।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বরানগর
  • শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০৩:১৩

গেঞ্জি কারখানায় লিফট দুর্ঘটনায় মৃত্যু হল এক নাবালক শ্রমিকের। শনিবার বিকেলে উত্তর কলকাতার বরানগর এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম আকাশ দেব (১৭)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবারের অভিযোগ, কোনও ধরনের সুরক্ষাবিধি না মেনেই ওই নাবালককে কারখানায় কাজ করতে বাধ্য করা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে বরানগর পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, মৃত আকাশ দেবের বাড়ি এ কে মুখার্জি রোডের সারদাপল্লি এলাকায়। সে প্রায় দু’সপ্তাহ আগে বঙ্গলক্ষী এলাকার একটি গেঞ্জি কারখানায় কাজে যোগ দেয়। আকাশ শনিবার দুপুরে কারখানার লিফটে করে উপরের তলায় উঠছিল। সেই সময় হঠাৎ দোতলা ও তিনতলার মাঝামাঝি জায়গায় লিফটটি আটকে যায়।

পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে আকাশ লিফট থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। অভিযোগ, ঠিক সেই সময়ই হঠাৎ লিফটটি আবার চলতে শুরু করে। ফলে লিফটের ফাঁক দিয়ে উপর থেকে নিচে পড়ে যায় সে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তবে শেষরক্ষা হয়নি।

এই মর্মান্তিক ঘটনার পর কারখানায় নিরাপত্তা ব্যবস্থা ঠিক কতটা ছিল। নাবালককে কী ধরনের কাজ করানো হচ্ছিল—সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে বরানগর থানার পুলিশ। এদিকে বরানগর পুরসভার পুর পারিষদ সদস্য ও স্থানীয় তৃণমূল নেতা অঞ্জন পাল বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষভাবে তদন্ত করার অনুরোধ করা হয়েছে। যদি কারও গাফিলতি প্রমাণিত হয়, তবে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।” ঘটনার পর থেকেই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।


Share