Madhyamgram Club Gunfire

দোলের ঝামেলার জের! মধ্যমগ্রামের ক্লাবে ঢুকে গুলি, অভিযুক্ত স্থানীয় যুবক-সহ তিন জন পলাতক

ঘটনার পর এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিন অভিযুক্তকে শনাক্ত করে মধ্যমগ্রাম থানার পুলিশ। তাদের মধ্যে একজন স্থানীয় যুবক সায়ন পাত্র। বাকি দু’জন বহিরাগত।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মধ্যমগ্রাম
  • শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৯:৩১

শুক্রবার রাতে মধ্যমগ্রামের একটি ক্লাবে গুলি চালানোর ঘটনায় স্থানীয় এক যুবকের পাশাপাশি দু’জন বহিরাগত জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, দোলের দিন মধ্যমগ্রাম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লি এলাকায় দুই পক্ষের মধ্যে হওয়া গণ্ডগোলের জেরেই শুক্রবার রাতে ওই ক্লাবে ঢুকে তিন রাউন্ড গুলি চালায় অভিযুক্তরা। এর মধ্যে একটি গুলি ফায়ার হলেও তাতে কেউ আহত হননি।

ঘটনার পর এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিন অভিযুক্তকে শনাক্ত করে মধ্যমগ্রাম থানার পুলিশ। তাদের মধ্যে একজন স্থানীয় যুবক সায়ন পাত্র। বাকি দু’জন বহিরাগত। অভিযুক্তদের খোঁজে মধ্যমগ্রাম থানার পুলিশের দুটি দল বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। খুব দ্রুত তাদের গ্রেফতার করা হবে বলে দাবি বারাসত পুলিশ জেলার কর্তাদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোলের দিন আদর্শপল্লি এলাকাতেই প্রথমে গণ্ডগোলের সূত্রপাত। ওই এলাকার বাসিন্দা সায়নের বাড়িতে সেদিন তার দুই বহিরাগত বন্ধু এসেছিল। সেখানে বসে তারা মদ্যপানও করে। পরে ফেরার পথে আদর্শপল্লির একটি ক্লাবের কয়েক জন যুবকের সঙ্গে তাদের বচসা বাধে, যা পরে মারামারিতে গড়ায়।

পরে অবশ্য ক্লাবের সদস্যরাই বিষয়টি মিটমাট করে দেন। কিন্তু সায়ন ও তার বন্ধুরা সেই ক্ষোভ মনে পুষে রাখে। সেই রাগ থেকেই শুক্রবার রাতে তিনজন মিলে ক্লাবে ঢুকে গুলি চালায় বলে অভিযোগ। যদিও ওই ঘটনায় ক্লাবের কেউ আহত হননি।

গুলি চালানোর পরই তিন অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্ত সায়ন পাত্র কলকাতার বেহালায় গা ঢাকা দিয়েছে বলে খবর। অন্য দুই অভিযুক্ত বসিরহাটের দিকে পালিয়েছে।

বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সায়ন পাত্র-সহ তিন জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। দু’জন বহিরাগত। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে মধ্যমগ্রাম থানার পুলিশ। খুব দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।’


Share