Body Recovery

উত্তরপাড়ার পরিত্যক্ত ইটখোলায় ভিনরাজ‍্যের শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধার, সন্দেহ খুনের, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ

উত্তরপাড়ার ধর্মতলা এলাকার একটি পরিত্যক্ত ইটখোলা থেকে ছোটু নামে এক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, উত্তরপাড়া
  • শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৬ ১১:৫৬

উত্তরপাড়ার ধর্মতলা এলাকার একটি পরিত্যক্ত ইটখোলা থেকে এক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ইটখোলার ভিতরে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তাঁরাই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম ছোটু। তিনি আদতে রাজস্থানের বাসিন্দা। ২০১৯ সাল থেকে ভাই বঙ্কার সঙ্গে উত্তরপাড়ার পাঁচ নম্বর ইটখোলায় শ্রমিক হিসেবে কাজ করতেন। পরে ইটখোলাটি বন্ধ হয়ে যায়। তখন ওই এলাকায় নিয়মিত মদ ও গাঁজার আসর বসত। স্থানীয়দের দাবি, ছোটুও সেই আড্ডার নিয়মিত সদস্য ছিলেন।

সোমবার সকালে ইটখোলার ভিতর থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের সন্দেহ, এটি খুনের ঘটনা হতে পারে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।


Share