Drowning

রাতের অন্ধকারে বিপত্তি, সুন্দরবনে নদীতে তলিয়ে গেলেন যুবক

কুলতলি থানার অন্তর্গত মাতলা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন গড়িয়ার বাসিন্দা সুমন পাল। শনিবার রাতে নৌকায় রাত্রিযাপনের সময় খাবার নিয়ে নামতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান তিনি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কুলতলি
  • শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ০৯:১৪

সুন্দরবন বেড়াতে এসে দুর্ঘটনার কবলে পড়লেন এক পর্যটক। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার অন্তর্গত এলাকায় মাতলা নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছেন তিনি। নিখোঁজ যুবকের নাম সুমন পাল। তিনি দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকেই তাঁর কোনও খোঁজ মেলেনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ জানুয়ারি ২২ জনের একটি পর্যটকদল সুন্দরবন ভ্রমণে আসে। শনিবার রাতে ওই দলটি মাতলা নদীর তীরে ‘মঙ্গলচণ্ডী’ নামের একটি নৌকায় রাত্রিযাপন করছিল। সেই সময় আচমকাই দুর্ঘটনাটি ঘটে। নৌকার মাঝি শুভেন্দু সর্দার জানান, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ নৌকায় থাকা অবস্থায় খাবার নিয়ে নামার সময় পা পিছলে নদীতে পড়ে যান সুমন পাল। মুহূর্তের মধ্যেই তিনি জলের তলায় তলিয়ে যান। তাঁকে বাঁচানোর চেষ্টা করেন তাঁর সঙ্গীরা। একাধিক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়েও দীর্ঘক্ষণ তল্লাশি চালান। তবে অন্ধকার ও প্রবল স্রোতের কারণে উদ্ধার সম্ভব হয়নি। সারা রাত ধরে খোঁজ চালানো হলেও নিখোঁজ পর্যটকের কোনও সন্ধান মেলেনি। 

রবিবার সকালে সুমনের সঙ্গীরা কুলতলি থানায় গিয়ে পুরো ঘটনার কথা জানান। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ পর্যটকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। এই ঘটনায় গোটা পর্যটকদলের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ যুবকের কোনও সন্ধান পাওয়া যায়নি।


Share