Death of CRPF

নির্বাচনী দায়িত্ব পালন করতে এসে প্রাণ হারালেন সিআরপিএফ জওয়ান, কারণ নিয়ে তৈরী ধোঁয়াশা

চিকিৎসকেরা দ্রুত চিকিৎসা শুরু করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যেই মৃত আধিকারিকের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান
  • শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০১:৩৬

রাজ্য বিধানসভা নির্বাচনের দায়িত্ব পালনের সময় মৃত্যু হল কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিকের। মৃতের নাম নগেন্দ্র সিং (৫৬)। তিনি সিআরপিএফ-এর সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। রবিবার পূর্ব বর্ধমান জেলায় ভোটের ডিউটিতে এসেছিলেন সিআরপিএফের একটি কোম্পানি, যার সঙ্গেই ছিলেন নগেন্দ্র। তিনি কর্তব্যরত অবস্থাতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্রের খবর, নগেন্দ্র সিং বিহারের বৈশালী জেলার সরাই থানার বাসিন্দা। তিনি বিহারের জামুইয়ে সিআরপিএফের ২১৫ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। সেখান থেকেই তাকে নির্বাচনী দায়িত্বে পূর্ব বর্ধমানে পাঠানো হয়েছিল। রবিবার সন্ধ্যায় হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন তিনি এবং ক্রমশ তাঁর অবস্থার অবনতি হতে থাকে।

সহকর্মীরা রাত প্রায় ন’টা নাগাদ তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা দ্রুত চিকিৎসা শুরু করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যেই মৃত আধিকারিকের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


Share