TMC Leader

পরিষেবা না মেলায় কাউন্সিলরের বাড়ি ঘেরাও, ‘চোর চোর’ স্লোগান, সমস্যার সমাধান না হলে পদত্যাগের আশ্বাস

স্থানীয়দের দাবি, বারবার কাউন্সিলরকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি।

কাউন্সিলরের বাড়ি ঘেরাও।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ০৬:২৬

বৈদ্যবাটির ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হরিপদ পাল। ওই ওয়ার্ডে নিকাশি সমস্যা ও রাস্তার অবস্থা বেহাল। সেই প্রতিবাদে স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। কাউন্সিলর হরিপদ পালের বাড়ি ঘেরাও করা হয়। বিক্ষোভ চলাকালীন কাউন্সিলরের বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানও ওঠে।

অভিযোগ, গোলাপবাগ নিচু মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টিতেই এলাকায় জল জমে যাচ্ছে। বহু বাসিন্দার ঘরে জল ঢুকছে। স্থানীয়দের দাবি, বারবার কাউন্সিলরকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। এর জেরেই এ দিন বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে পড়েন। তাঁরা বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন।

বিক্ষোভকারীদের অভিযোগ, সাধারণ মানুষের সমস্যা সমাধানের বদলে কাউন্সিলর নিজের স্বার্থ নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। দীর্ঘক্ষণ ধরে চলা বিক্ষোভের মুখে কাউন্সিলর হরিপদ পাল জানান, এক মাসের মধ্যে সমস্যার তিনি সমাধান করবেন। তা যদি না হয় তবে তিনি কাউন্সিলরের পদ থেকে ইস্তফা দেবেন। তবে বিক্ষোভ আরও তীব্র হতে থাকে। তিনি বাড়ির দরজা বন্ধ করে ভিতরে চলে যান বলে অভিযোগ।

এ দিকে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জল না নামলে স্থানীয় বাসিন্দারা আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। যদিও সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেছেন। ঘটনার পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে কাউন্সিলর দাবি জানিয়েছেন।


Share