Assembly Election 2026

ভোটার নির্ঘণ্ট প্রকাশের আগেই স্কুলে স্কুলে কেন্দ্রীয় বাহিনী, কোথাও পঠনপাঠন বন্ধ হওয়ার আশঙ্কা, আবার কোথাও পরিস্থিতি থাকবে স্বাভাবিক

আগামী চার মাস পঠন পাঠন ব্যাহত হওয়ার আশঙ্কা ভাঙড়-সহ গোটা রাজ্যের বিভিন্ন প্রাইমারি ও হাইস্কুলে। এখনও অনেক স্কুলে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে। আগামী এপ্রিল মাসেও পরীক্ষা আছে। ফলে এই সময় কী ভাবে ক্লাস হবে, তা নিয়ে সন্দিহান শিক্ষক ও অভিভাবক মহল।

নিজস্ব সংবাদদাতা, ভাঙড়
  • শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০৭:৩৬

এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গে নির্বাচনী ডঙ্কা বেজে গিয়েছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই স্কুলে স্কুলে পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ভোট শুরু হওয়ার আগে থেকে ভোট মিটে যাওয়ার পরেও  শান্তিশৃঙ্খলা রক্ষায় এলাকায় থেকে যাবে কেন্দ্রীয় বাহিনী। ফলে আগামী চার মাস কিছু স্কুলে পঠন পাঠন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলেও মোটের ওপর স্বাভাবিক থাকবে বলেই মনে করা হচ্ছে। এখনও অনেক স্কুলে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে। আগামী এপ্রিল মাসেও পরীক্ষা আছে।

সূত্রের খবর, আজ, রবিবার ভাঙড়ে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঢুকবে। ভাঙড় থানায় যে বাহিনী আসছে, তাদের রাখার ব্যবস্থা হয়েছে বাসন্তী রাজ্য সড়ক লাগোয়া বড়ালি ঘাটের কাছে কুলটি ৪ নম্বর রিফিউজি কলোনি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে।

প্রধান শিক্ষিকা মানসী কুণ্ডু বলেন, 'সোমবার থেকেই আমাদের স্কুল বন্ধ রাখতে হবে। পড়ুয়াদের স্কুলে আসতে বারণ করা হয়েছে।' ভাঙড়-২ ব্লকের পোলেরহাট হাইস্কুল ও বামনঘাটা হাইস্কুলেও এক কোম্পানি করে বাহিনী থাকবে। পোলেরহাট হাইস্কুলের প্রধান শিক্ষক সন্দীপ সরকার বলেন, ‘স্কুলে পড়ুয়া প্রায় ৪৬০০ জন। বাহিনীর জন্য ১১টি ক্লাসরুম বরাদ্দ করা হয়েছে। এতগুলি রুম আটকে থাকলে পড়াশোনা হবে কী ভাবে? একটি বিল্ডিং ওদের ছেড়ে দিয়ে বাকি বিল্ডিংয়ে ক্লাস করার চেষ্টা করব।’

চিন্তিত বামনঘাটা হাইস্কুলের প্রধান শিক্ষক মানস হালদারও। তিনি বলেন, 'আমাদের স্কুলের দুটো বিল্ডিং দু'জায়গায়। আমরা বামনঘাটা বাজারের নতুন বিল্ডিংটি ওদের জন্য ছেড়ে দিয়েছি। ওখানে পঞ্চম ও সপ্তম শ্রেণির ক্লাস হতো। ওই বিল্ডিংয়ে মিড-ডে মিলের রান্না হতো। আপাতত পঞ্চম থেকে দশম শ্রেণির ক্লাস তিন দিন করে হবে। পুরোনো বিল্ডিংয়ের ছাদে মিড-ডে মিল রান্না করা হবে।'


Share