Eviction

ভোটের পরই উচ্ছেদ! পান্ডুয়ার রেলপাড়ে রাতের অন্ধকারে বুলডোজার, গৃহহীন বহু মানুষ

এক দিনের নোটিসে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের। পর্যাপ্ত সময় না পেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান।

রাতের অন্ধকারে বুলডোজার
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ০২:৪৮

হুগলির পান্ডুয়ার রেলপাড় এলাকায় উচ্ছেদ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ভোটপর্ব শেষ হতেই শুরু হয় অভিযান। শনিবার গভীর রাতে নামে বুলডোজার। রেলের উদ্যোগে ভেঙে ফেলা হয় একাধিক ঘরবাড়ি। হঠাৎ এই অভিযানে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

স্থানীয়দের দাবি, বিধানসভা নির্বাচনের আগেই উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছিল। তবে তখন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফের নতুন করে নোটিস দেওয়া হয়। তার মাত্র এক দিনের মধ্যেই এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়। অনেকে তাড়াহুড়ো করে ঘরবাড়ি ও দোকান খালি করে। তবে অনেকেই এত অল্প সময়ের মধ্যে বিকল্প ব্যবস্থা করতে পারেননি।

বাসিন্দাদের অভিযোগ, কোনও বাড়তি সময় না দিয়েই রাতের অন্ধকারে উচ্ছেদ অভিযান চালানো হয়। এর প্রতিবাদে মানুষজন ক্ষুব্ধ হয়ে পড়েন।রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। এক বাসিন্দার দাবি, ভোটের আগে উচ্ছেদ করা হয়নি। এখন তড়িঘড়ি এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্য এক বাসিন্দা জানান, আরও কিছুটা সময় পেলে থাকার ব্যবস্থা করা যেত।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও পুরো বিষয়টি নিয়ে রেলের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Share