Blast

দত্তপুকুরে গেঞ্জি কারখানার বয়লার বিস্ফোরণ, মৃত একজন শ্রমিক, আহত আরও এক

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের তালধারিয়া ঘোষপাড়া এলাকার একটি গেঞ্জি তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় কারখানার ম্যানেজারকে আটক করেছে পুলিশ, নিরাপত্তার স্বার্থে কারখানাটি সিল করে তদন্ত শুরু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা
  • শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৬ ১১:০৭

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে একটি গেঞ্জি তৈরির কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক শ্রমিক। বিস্ফোরণের সময় দু'জনই বয়লারের কাছাকাছি কাজ করছিলেন। দত্তপুকুরের তালধারিয়া ঘোষপাড়া এলাকার একটি কারখানায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সঞ্জয় সামন্ত (৫৫)। আহত শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গেঞ্জির থান কাপড়ে রং করার সময় বয়লারের ভিতরে অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় বিস্ফোরণ ঘটে। তবে ঠিক কী কারণে সেই চাপ সৃষ্টি হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের একাংশ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কারখানার বয়লারের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করা হয়নি। তাঁদের দাবি, এলাকায় এ ধরনের একাধিক কারখানায় মাঝেমধ্যেই একই ধরনের দুর্ঘটনা ঘটে। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনের তৎপরতা পর্যাপ্ত নয়।

ঘটনার তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ, কারখানায় নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না এবং কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কারখানার ম্যানেজারকে আটক করেছে দত্তপুকুর থানার পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তার স্বার্থে কারখানাটি সিল করে দিয়েছে প্রশাসন।


Share