Body Recovery

দমদম পার্কে পার্কের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার, পরিচয় জানার চেষ্টা পুলিশের

স্থানীয়দের দাবি, মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নন। খবর পেয়ে লেকটাউন থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিচয় জানার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দমদম পার্ক
  • শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৬ ০৩:২৩

উত্তর কলকাতার দমদম পার্ক এলাকায় বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়ায়। ঝিল্লি পার্কের উঁচু লোহার রেলিংয়ে গামছার ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নন। খবর পেয়ে লেকটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরবেলা নিয়মিত হাঁটতে বের হওয়া কয়েকজন প্রাতঃভ্রমণকারী প্রথম ওই যুবককে রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপরই লেকটাউন থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করে।

ঘটনার সময় পার্কে কর্মরত বাগানকর্মী স্বপন মণ্ডল সেখানে উপস্থিত ছিলেন না। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনি পুরো বিষয়টি জানতে পারেন। তাঁর কথায়, ঘটনাটি খুব ভোরের দিকে ঘটেছে বলে মনে করা হচ্ছে। তাঁরা কাজে আসার আগেই সবকিছু ঘটে যায়।

পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে অন্য কোনও আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে মৃত্যুর সঠিক কারণ এবং ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত সব দিক খোলা রেখেই তদন্ত চালাচ্ছে লেকটাউন থানার পুলিশ।


Share