Unnatural Death

স্বরূপনগরে নিখোঁজের পর আমবাগানে মিলল দুই যুবকের দেহ, খুন না আত্মহত্যা? তদন্তে পুলিশ

শুক্রবার নিখোঁজ থাকার পর শনিবার সকালে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়ায় দেহ দুটি উদ্ধার হয়। আত্মহত্যা নাকি খুন—তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা
  • শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ০৫:২৭

উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে দুই যুবকের দেহ উদ্ধার হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালবেলা স্বরূপনগর থানা এলাকার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দত্তপাড়ায় ঘটনাটি প্রকাশ্যে আসে।

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রাকিবুল মণ্ডল ও রাজ ভদ্র। দু’জনেই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, রাকিবুল স্থানীয় একটি স্কুলে একাদশ শ্রেণিতে পড়াশোনা করত। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই রাকিবুল ও রাজ নিখোঁজ ছিল। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাই পরিবারের তরফে স্বরূপনগর থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। রাতভর তল্লাশি চললেও কোনও সন্ধান মেলেনি।

শনিবার সকালে দত্তপাড়ার একটি আমবাগানে দুই যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়েরা। সঙ্গে সঙ্গে বিষয়টি স্বরূপনগর থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। মৃতদের পরিবারের দাবি, দুই পরিবারের মধ্যেই কোনও পারিবারিক অশান্তি ছিল না। ফলে এটি আত্মহত্যা না কি পরিকল্পিত খুন— তা নিয়ে তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।


Share