Murder Case

মৌখালিতে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, ছিনতাই না শত্রুতা! খুনের কারণ ঘিরে ধোঁয়াশা

পরিবারের দাবি, ছিনতাইয়ের উদ্দেশ্যে খুন হতে পারে। যদিও পুরোনো আর্থিক বিবাদের দিকেও ইঙ্গিত মিলছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১২:৫২

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার মৌখালি এলাকায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। মৃত যুবকের নাম সাইফুল মোল্লা। বুধবার ভোরবেলা স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারে তাঁর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দেহটি উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়েছে।

প্রাথমিকভাবে ঘটনার কারণ স্পষ্ট নয়। তবে মৃতের পরিবারের দাবি, সাইফুল প্রায়ই নিজের কাছে নগদ টাকা রাখতেন। সেই কারণেই ছিনতাইয়ের উদ্দেশ্যে দুষ্কৃতীরা তাঁকে খুন করে থাকতে পারে বলে তাঁদের অনুমান। অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশীদের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের বিবাদ চলছিল। সেই পুরোনো শত্রুতাও এই ঘটনার পিছনে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

পরিবারের বক্তব্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের মতোই সাইফুল বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। এরপর পরিবার তাঁর খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে বুধবার ভোরে রাস্তার ধারে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সেই খবর পেয়ে শোকের ছায়া নেমে আসে পরিবার ও এলাকাজুড়ে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।


Share