Kalyan Banerjee

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিজেপির বিক্ষোভ, তাঁকে ‘ডিম থেরাপি’র হুঁশিয়ারি শ্রীরামপুরে

বিজেপি নেতা পরাগ তরু মিত্র জানান, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেকে সৎ মানুষ বলে দাবি করেছেন। কিন্তু শ্রীরামপুরে পুরসভা, পঞ্চায়েত ও প্রশাসনিক স্তরে চোরেদের সর্দার কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বিজেপি কর্মীরা বিক্ষোভে সামিল হয়।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৬:৫১

তৃণমূল কংগ্রেসের এক পরিচিত মুখ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যিনি শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের জয়ী সাংসদ। বর্তমানে তাঁর মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। তাঁর লোকসভা কেন্দ্র শ্রীরামপুর। এবার সেখানেই বিজেপি কর্মীরা বিক্ষোভে সামিল হয়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ডিম বিষয়টি এখন বেশ ট্রেন্ডে। এবার বিজেপির তরফে কল্যান বন্দ্যোপাধ্যায়কে সেই ‘ডিম থেরাপি’র হুঁশিয়ারি দেওয়া হয়।

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মামলা থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, “আমি পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান সৎ পলিটিশিয়ান। অভিষেকের জন্য আজ আমাদের চোর-চোর শুনতে হচ্ছে।” এই মন্তব্যের পরই শ্রীরামপুরের প্রভাসনগরে সাংসদের বিরুদ্ধে বিজেপি পথে নামে।

বিক্ষোভে বিজেপি কর্মীদের মুখে শোনা যায়, “মাতাল কল্যাণ, শ্রীরামপুর থেকে দূর হটো” স্লোগান। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় একটি দোকান থেকে বিজেপি কর্মীরা ডিম কিনে রাখেন। তাঁদের দাবি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে এলে তাঁর উপর ‘ডিম থেরাপি’ চালানো হবে।

প্রভাসনগরের বিজেপি নেতা পরাগ তরু মিত্র বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেকে সৎ মানুষ বলে দাবি করেছেন। কিন্তু শ্রীরামপুর লোকসভা এলাকার বিভিন্ন পুরসভা, পঞ্চায়েত ও প্রশাসনিক স্তরে দুর্নীতির অভিযোগ রয়েছে। এই চোরেদের সর্দার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই আমরা প্রতিবাদস্বরূপ ডিম কিনে রেখেছি। আগামী দিনে ডিম থেরাপির মাধ্যমে তাঁর চিকিৎসা করা হবে।”

ঘটনাকে কেন্দ্র করে শ্রীরামপুরের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Share