BJP

অশোকনগরে 'ছাঁকনি' প্রতিবাদ, অভিনব কায়দায় দলবদল নিয়ে বার্তা বিজেপির

দলবদল ও অশান্তির অভিযোগ তুলে প্রতীকী বার্তা বিজেপির। দাবি, অনেকেই রাতারাতি দলবদল করে বিশৃঙ্খলা তৈরি করছে।

বিজেপি সমর্থকদের ছাঁকনি হাতে প্রতিবাদ।
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা
  • শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০২:১৩

উত্তর ২৪ পরগনার অশোকনগরে মঙ্গলবার রাতে বিজেপি কর্মীরা এক অভিনব প্রতিবাদে নামলেন। হাতে ছিল চায়ের ছাঁকনি। মাথায় গেরুয়া আবির। পিছনে দলীয় পতাকা। এই দৃশ্য অনেককেই হতবাক করে। অশোকনগর চৌরঙ্গী মোড় এলাকায় আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে এলাকায় দ্রুতই চর্চা শুরু হয়।

বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বিজেপি দল রাজ্যের ক্ষমতায় আসতে চলেছে। এরপর থেকেই বিজেপি কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অশান্তির অভিযোগ উঠেছে। এই বিষয়েই বিজেপি কর্মীদের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি, ভাঙচুর এবং দখলদারির ঘটনা বেড়েছে। তাঁদের অভিযোগ, অনেকেই রাতারাতি দলবদল করে নিচ্ছেন। বিজেপির পতাকা হাতে তুলে নিচ্ছেন। সেই সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এই প্রেক্ষিতেই ‘ছাঁকনি প্রতিবাদ’-এর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তাঁরা প্রতীকী বার্তা দিতে চেয়েছেন।

প্রতিবাদকারীদের বক্তব্য, ছাঁকনি যেমন অপ্রয়োজনীয় অংশ ছেঁকে ফেলে। তেমনই দলে হঠাৎ ঢুকে পড়া সন্দেহজনক ব্যক্তিদের চিহ্নিত করার প্রয়োজন রয়েছে। স্থানীয় নেতৃত্বের তরফে জানানো হয়েছে, বিষয়টি ইতিমধ্যেই জয়ী বিধায়কের মাধ্যমে প্রশাসনের নজরে আনা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

অন্যদিকে, একই জেলার হাবরা এলাকাতেও দলবদল ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই কেন্দ্রে বিজেপির দেবদাস মণ্ডল জয়ী হয়েছে। এরপরে তৃণমূল কংগ্রেসের একাংশ সমর্থকের দলবদল নিয়ে অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, এই নবাগতদের মধ্যেই কেউ কেউ অশান্তি ও দখলদারির সঙ্গে যুক্ত।

তবে তৃণমূল কংগ্রেস-এর পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে, বিজেপি কর্মীরাই এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই পক্ষের তরফে প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে।


Share